চীন ও মার্কিন সরকারের মধ্যকার একটি চুক্তির অংশ হিসেবে গত রবিবার সকালে যুক্তরাষ্ট্রের আটলান্টা সিটিতে দুটি জায়ান্ট পান্ডা এসে পৌঁছায়। কর্মকর্তারা জানিয়েছেন, ‘ফেডেক্স পান্ডা এক্সপ্রেস’ নামক একটি বিশেষ বোয়িং ৭৭৭ বিমানে চড়ে রবিবার ভোরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংডু থেকে রওনা দেয় পিং পিং এবং ফু শুয়াং নামের পান্ডা দুটি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
আটলান্টা চিড়িয়াখানা এবং চায়না ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের মধ্যে স্বাক্ষরিত নতুন এই চুক্তির ফলে আটলান্টা এখন যুক্তরাষ্ট্রের সেই তিনটি চিড়িয়াখানার একটিতে পরিণত হয়েছে, যেখানে জায়ান্ট পান্ডা রাখা হয়। তালিকার অন্য দুটি চিড়িয়াখানা হলো ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানা এবং ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ানের ন্যাশনাল জু।
আটলান্টা চিড়িয়াখানার প্রেসিডেন্ট ও সিইও রেমন্ড বি. কিং এক বিবৃতিতে বলেন, এটি আটলান্টা চিড়িয়াখানার জন্য একটি রোমাঞ্চকর দিন এবং আটলান্টা সিটি, জর্জিয়া রাজ্য তথা এর বাইরের এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও বলেন, পিং পিং এবং ফু শুয়াংয়ের আগমনকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আগামী সপ্তাহগুলোতে আমাদের সদস্য, অতিথি, শহর ও সম্প্রদায়ের সবার সাথে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তর সইছে না।
তবে দর্শনার্থীদের এই পান্ডা দুটি দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন্যপ্রাণী পার্কের নতুন জায়ান্ট পান্ডা কমপ্লেক্সের একটি নিরাপদ জৈব সুরক্ষিত এলাকায় পান্ডা দুটিকে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রাখা হবে। পার্কের পক্ষ থেকে এখনও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দিষ্ট কোনও তারিখ নিশ্চিত করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন দিনব্যাপী শীর্ষ বৈঠকের শেষ দিন গত বৃহস্পতিবার এই পান্ডা পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। দুই দেশের দীর্ঘদিনের মতপার্থক্য নিরসনে কোনও সুরাহা না হলেও নেতাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের ঘটনা ঘটে। এই রাষ্ট্রীয় সফরে যে কয়েকটি সুনির্দিষ্ট ফলাফল অর্জিত হয়েছিল, পান্ডা ধার দেওয়ার বিষয়টি তার মধ্যে অন্যতম।
এর আগে ২০২৪ সালে আটলান্টা তাদের শেষ পান্ডাদের বিদায় জানিয়েছিল, যার ফলে এতদিন চিড়িয়াখানাটি পান্ডাশূন্য ছিল। নতুন এই চুক্তির ঘোষণা গত এপ্রিলে দেওয়া হলেও তখন কোনও তারিখ নির্দিষ্ট করা হয়নি।
চুক্তির অংশ হিসেবে পিং পিং এবং ফু শুয়াং ১০ বছরের মেয়াদে আটলান্টা চিড়িয়াখানায় থাকবে। ২০২০ সালে জন্ম নেওয়া পান্ডা দুটি এতদিন চেংডু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে রাখা হয়েছিল। সিনহুয়া নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, পুরুষ পান্ডা পিং পিংয়ের চোখের চারপাশে গাঢ় কালো বৃত্ত রয়েছে, আর স্ত্রী পান্ডা ফু শুয়াংয়ের কপালটি সামান্য একটু উচু।
চীন দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী তাদের কূটনীতির অংশ হিসেবে পান্ডা ব্যবহার করে আসছে। এর আগে শি জিনপিং বলেছিলেন যে এই পান্ডা ঋণ কর্মসূচি হলো ‘চীন ও মার্কিন জনগণের মধ্যকার বন্ধুত্বের’ একটি প্রকৃষ্ট উদাহরণ।
যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?