যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে তা নির্ধারণ করার জন্যই ইরানি নেতাদের হত্যা করা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলে নিজের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) জর্জিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, আমার ইরানি নেতাদের হত্যা করা বন্ধ করতে হবে, কারণ কার সঙ্গে আমরা আলোচনা করছি তা আমাকে বুঝতে হবে।
ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব যুক্তরাষ্ট্রের হাতে ধ্বংস হওয়া নিয়ে নিজের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, তাদের কোনও উড়োজাহাজ নেই, কোনও জাহাজ নেই, কিছুই নেই, কোনও নেতাও নেই। প্রথম সারির নেতারা শেষ, দ্বিতীয় সারির নেতারাও শেষ।
বক্তব্যে ট্রাম্প ২০১৮ সালে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি বাতিলের সিদ্ধান্তেরও সাফাই গান। ওই চুক্তিটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল। তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এক সংকটময় মুহূর্তে ওই চুক্তি বাতিল করা হয়েছিল দাবি করে ট্রাম্প বলেন, আমি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একটি চুক্তি বাতিল করেছিলাম- বারাক হুসেইন ওবামার জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ), যাকে অনেকে ইরান পরমাণু চুক্তি বলে থাকেন, যা ছিল ইরানের জন্য পরমাণু অস্ত্র তৈরির একটি পথ। সৌভাগ্যবশত, একদম সঠিক সময়ে আমি তা বাতিল করেছিলাম।
২০২৫ সালে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’র কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, অপারেশন মিডনাইট হ্যামার এবং অপারেশন এপিক ফিউরির মাধ্যমে আমরা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধূলিসাৎ করে দিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, আমরা সামরিক, আর্থিক এবং অন্যান্য দিক থেকে তাদের পরাজিত করেছি। আমাদের নিশ্চিত করতে হবে যে তারা যেন আর কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায়।
‘আজই’ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প