রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের সৌজন্যে রবিবার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ইকো ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন ও আন্তর্জাতিক রোটারি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ল্যাবটি স্থাপন করা হয়।
অত্যাধুনিক ইকো কালার ডপলার মেশিনসহ স্বয়ংসম্পূর্ণ ইকো ল্যাবটি ৯২ হাজার মার্কিন ডলার ব্যয়ে আনা হয়।
এই মেশিন রোগীদের কাজে লাগবে এবং আমরা খুব ভালো কাজ করতে পারবো, বলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতলের পেডিয়াট্রিক কার্ডিওলজি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।
তিনি বলেন, আজ আমাদের জন্য এক খুশির দিন। এই মেশিন পাওয়াতে এখন আর রোগীদের অপেক্ষায় থাকতে হবে না, আমরা আমাদের সবকিছু দিয়ে এই মেশিনের সাহায্যে রোগীদের চিকিৎসা দিতে সর্বদা প্রস্তুত থাকবো।
রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট ডা. ঝুমু খান বলেন, আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম একটি ইকো কালার ডপলার মেশিন এই হাসপাতালে দেব। রোটারি ফাউন্ডেশন এখানে দিয়েছে ৬১ হাজার ডলার, আর রোটারি ক্লাব অব মিডটাউনের পক্ষ থেকে রফিক আহমেদ সিদ্দিক অনুদান দিয়েছেন ৩১ হাজার ডলার। এই মেশিনটি খুবই উন্নতমানের। শিশুদের ভাল্ব ডিফেক্ট খুব সহজে ধরা যাবে এর মাধ্যমে।
রোটারি ক্লাবের সাবেক গর্ভনর রফিক আহমেদ সিদ্দিক অনুষ্ঠানে বলেন, সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন, যারা মানুষের জন্য কিছু করতে চান। আমি আশা করব এ ধরনের কাজে তারা এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান, বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাডক ডা. এ এ রশিদ সহ অন্যরা।
আরও পড়ুন: সংকটের মুখে ‘যৌনদাসী’দের বিক্রি করছে আইএস, চলছে অনলাইন প্রচারণা
জেএ/এজে








