চীনের স্বাস্থ্যখাতের অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান সাইনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বুধবার চীনের সাংহাইয়ে হোটেল শাংরিলায় প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানায়। সাইনোফার্ম-এর ভাইস জেনারেল ম্যানেজার শি শেংগি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাইনোফার্মকে এক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণে সরকারের উদ্যোগেও তাদের সহায়তা চান তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগকে সব সময় উৎসাহ দেয়। বিভিন্ন দেশের বিনিয়োগকারীও এখন বাংলাদেশে আসছেন। দেশের চিকিৎসা অবকাঠামো নির্মাণসহ ওষুধ শিল্পে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাইনোফার্মের প্রতিনিধি দলকে বিনিয়োগের লক্ষ্যে একটি নির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের পরামর্শ দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ শীর্ষক ৯ম বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীন সফর করছেন। গত ২১ নভেম্বর চীনের সাংহাই-এ চারদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়।
/জেএ/এমএনএইচ/








