বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুল আলীমের আদেশক্রমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ২০০ নার্স নিয়োগ দেওয়ার লক্ষ্যে এবারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে প্রদত্ত নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং-বিএসএমএমইউ/২০১৬/১০২৬৫, তারিখ: ০৪-১০-২০১৬) মোতাবেক এই পদের লিখিত পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রার্থীদের যোগাযোগের ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত প্রবেশপত্র যারা পাবেন না, তারা আগামী ২৭, ২৮ এবং ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় রেজিস্ট্রার অফিসের নার্সিং শাখার ১০৪৮ নং কক্ষ থেকে সত্যায়িত পাসপোর্ট সাইজের ১ কপি ছবি জমা দিয়ে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষায় অংশ গ্রহণ করবেন প্রায় সাড়ে ছয় হাজার পরিক্ষার্থী।
/জেএ/এমও/








