মেডিক্যাল কলেজ, বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্ধারিত মেয়াদের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দিয়েছেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পর্যালোচনা সভায় সভাপতিত্ব করা স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের অর্থ ও সময় অপচয় বন্ধ করতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নির্মাণ কাজ সহ যে কোনও উন্নয়নের কাজ শেষ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে অপচয় রোধ করতে হলে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় প্রার্থনা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেএ/এএআর/








