আগামী ২৮ ও ২৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল ও বায়োটেক ট্রেডফেয়ার-২০১৭’। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজকরা একথা জানান। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হেলথ অ্যান্ড বায়ো সলিউশন (এইচবিএস) ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এরোয়া রিসার্চ করপোরেশনের (ইউএসএ) যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল ও বায়োটেক ট্রেডফেয়ার। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এরোয়া রিসার্চ করপোরেশনের সিইও ডা. নাসিম আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনিসহ প্রমুখ চিকিৎসকরা।
নাসিম আহমেদ মেলা সম্পর্কে জানান, এই মেলার মাধ্যমে আমাদের দেশের প্রায় ৭০ ভাগ দরিদ্র মানুষ অনেক কম খরচে কিভাবে উন্নতমানের চিকিৎসা পাবে তা তুলে ধরা হবে। এছাড়া এর মাধ্যমে দেশের সঙ্গে বিদেশি চিকিৎসার সুন্দর সমন্বয় করা হবে বলেও জানান তিনি।








