করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার ( ৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
নতুন করোনা ভাইরাস (২০১৯-এনসিওভি) নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এখন থেকে এসব গুজবের জবাব দেওয়া হবে।
নতুন এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য সেব্রিনা ফ্লোরা বলেন, অন্তত ২০ সেকেন্ড যাবৎ সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখতে হবে। অসুস্থ পশু-পাখির সংস্পর্শ পরিহার করতে হবে। মাছ-মাংস ভালোভাবে রান্না করতে হবে। অসুস্থ হলে ঘরে থাকতে হবে এবং বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে।
দেশের সব জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাথমিকভাবে রোগী ভর্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।








