করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় উপযোগী ভবন, হোটেল বা আবাসিক কেন্দ্র রিকুইজিশন করা আবশ্যক হতে পারে জানিয়ে এ সংক্রান্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত ‘অতীব জরুরি’ বিষয়ক নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকদের কাছে গতকাল রবিবার ( ১৯ এপ্রিল) পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, সঙ্গনিরোধ নিশ্চিতকরণে অনিবার্য প্রয়োজনে পরিবারের সঙ্গে তাদের নিজ বাসস্থানে থাকা সমীচীন হবে না বিধায় ভিন্ন স্থানে অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে তাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক উপযোগী ভবন, আবাসিক কেন্দ্র বা হোটেল রিকুইজিশন দেওয়া আবশ্যক হতে পারে।
একইসঙ্গে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল বা কেন্দ্র; চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবহনের জন্য যানবাহন, রোগীদের জন্য অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সংখ্যক পিপিই, ওষুধ ও ভেন্টিলেটর এবং লাশ পরিবহনের জন্য ব্যাগ প্রভৃতি প্রস্তুত রাখা জরুরি।
এতে আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আবাসনের জন্য প্রয়োজন অনুসারে ভবন, আবাসিক কেন্দ্র বা হোটেল রিকুইজিশনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এসব কিছুর খরচ সরকার বহন করবে বলেও সেখানে বলা হয়েছে।








