করোনা পরিস্থিতিতে অনলাইনে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মে মাসের ১ তারিখ থেকে ‘রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টার’ এর মাধ্যমে তারা এ সেবা দিচ্ছে। দেশের ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে কোভিড ও নন-কোভিড রোগীদের সেবা দিচ্ছেন তারা।
হটলাইন নাম্বার ০৯৬০৬০০০৯১১ এ কল করে যে কোনও ব্যাক্তি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।
রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ (ঢাকা) এর ২০২০-২১ সেশনের গভর্নর মো. রুবায়েত হোসেন জানান, দেশের স্বনামধন্য ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করে। এতে আরও বিশেষজ্ঞ যোগ হচ্ছেন। এছাড়াও মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, ইস্ট ওয়েস্ট মেডিক্যাল সাপোর্ট সেন্টারের চিকিৎসক কর্তৃক প্রেরিত রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য জেলাগুলোতেও অনুরূপ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী বলেন, করোনা পরিস্থির কারণে চিকিৎসা নিতে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। তাদের কথা বিবেচনা করে আমাদের এই মেডিক্যাল সেন্টার চালু করা হয়েছে। শুরু থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি।








