রাজধানী ঢাকায় করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাত্র দুটি বেড ফাঁকা রয়েছে। আজ রবিবার (৪ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতর জানায়, করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৯ বেড আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬ বেডের সবক’টিতে রোগী রয়েছে।
কেবল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেডের মধ্যে একটি আর রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি বেড ফাঁকা রয়েছে।
অর্থাৎ, রাজধানী ঢাকার সরকারি হাসপাতালগুলোর ১১৮টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র দুটি।
অপরদিকে, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে ১৭১টি আর তাতে রোগী ভর্তি আছেন ১৪৩ জন, বেড ফাঁকা রয়েছে মাত্র ২৮টি।
রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর ২৮৯টি আইসিইউ বেডে ২৫৯ জন রোগী রয়েছে। আর বেড ফাঁকা রয়েছে মাত্র ৩০টি।
অপরদিকে, সারাদেশে করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে ৫৭৯টি, তাতে রোগী ভর্তি আছেন ৩৮৪ জন, আর বেড ফাঁকা রয়েছে ১৯৫টি।









