দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে মৃত্যু ১৬ হাজার পার করার পাশাপাশি আক্রান্ত রোগীর সংখ্যাও ১০ লাখ ছাড়ালো।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৪ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১০ লাখ ৫৪৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ হাজার ৩২৪ জনের মধ্যে দেশের আট বিভাগের মধ্যে চার বিভাগেই এক হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
তার মধ্যে আবার ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হবার কথা জানিয়েছে অধিদফতর।
অধিদফতর জানায়, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ৩১৩ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৫৯ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৪৬ জন আর খুলনা বিভাগে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৪৫ জন।
বাকি চার বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৪২৮ জন, রংপুর বিভাগে ৮৩৩ জন, বরিশাল বিভাগে ৫৪৭ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৪৪২ জন।









