ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৭৫ জন। এরমধ্যে ঢাকার ২২০ জন এবং ঢাকার বাইরের ৫৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন।
সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৭৪ জন, বাকি ১৫৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১০ হাজার ৮০৬ জন।









