করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। সেইসঙ্গে দেশে একদিনে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে অল্প সময়ে দেশে ২২ কোটি ডোজ টিকা দিয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন অষ্টম স্থানে রয়েছে। আর এত বড় কার্যক্রমে তেমন কোনও অনিয়ম বা ত্রুটি দেখা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার ( ১০ মার্চ) আন্তর্জাতিক কিডনি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, একদিনে আমরা এক কোটি ২০ লাখ ডোজ টিকা দিতে পেরেছি, যা একটি রেকর্ড। আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে টিকার প্রথম ডোজ সাড়ে ১২ কোটি, দ্বিতীয় ডোজ সাড়ে আট কোটি আর বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয়েছে ৫০ লাখ ডোজ।
এই টিকাদান কর্মসূচিতে লক্ষাধিক লোক কাজ করছে জানিয়ে তিনি বলেন, এত বড় একটি কর্মযজ্ঞে তেমন কোনও অনিয়ম বা ত্রুটি দেখা যায়নি।
দ্রুতই দেশের মানুষকে আরও বুস্টার ডোজের আওতায় আনা হবে জানিয়ে সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনায় একদিনে যেভাবে প্রায় এক কোটি মানুষকে গণটিকা দেওয়া হয়েছে, ঠিক সেভাবে বুস্টার ডোজেরও ক্যাম্পেইন করা হবে। এতে করে দেশ আরও বেশি নিরাপদ থাকবে।









