বেসরকারি পর্যায়ে করোনার নমুনা পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির ৫৯তম সভায় এই সুপারিশ করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
সভায় গৃহীত অন্যান্য সুপারিশের মধ্যে আছে, সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরিধান ও হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে; স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করতে হবে এবং যারা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
সেই সঙ্গে বদ্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা, দাফতরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা এবং অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরিধানেরও সুপারিশ করা হয়।









