ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩০৫ জন এবং মারা গেছেন ১ জন। এটি এই বছর একদিনে সর্বোচ্চ রোগীর সংখ্যা এবং মৃত্যু।
শনিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৩২ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৭৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১১৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৮৭০ জন, আর বাকি ২৪৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৯০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৫৬ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।









