ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯৮৮ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৭৪১ জন।
সোমবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৬৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৯৭৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৮১৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৪ হাজার ২০৭ জন, আর বাকি ৫ হাজার ৬০৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ২৭২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫ জন।









