দীর্ঘ সাত মাস পর দেশে করোনায় দৈনিক রোগী শনাক্তের হার নেমে এসেছে তিন শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৯০ শতাংশ। এর আগে গত ২৮ ফেব্রুয়ারিতে শনাক্তের হার ছিল দুই দশমিক ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। তাদের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে আছেন সাতজন করে আর রাজশাহী ও খুলনা বিভাগে আছেন দুইজন করে। গত ২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
রবিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গত মে মাস থেকে দেশে অতিসংক্রমণশীল ডেল্টা ভাইরাসের প্রকোপ শুরু হয়। ডেল্টার তাণ্ডবের পর গত ২৩ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো তিন বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। সেদিন ২৪ জনের মৃত্যুর কথা অধিদফতর জানিয়েছিল। দেশের আট বিভাগের মধ্যে রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি। এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিভাগ করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুহীন থাকছে। তিন থেকে মৃত্যুহীন বিভাগের তালিকায় চার বিভাগে উন্নীত হয় গত ২৯ সেপ্টেম্বর। সেদিন ১৭ জনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। সেদিনই প্রথম চার মাস পর করোনাতে মৃত্যু ২০ এর নিচে নেমে আসে। সেই সঙ্গে বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এভাবে প্রতিদিনই এক বা একাধিক বিভাগে এখন করোনায় মৃত্যুহীন দিন দেখা যাচ্ছে।









