চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণে নতুন নীতিমালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এতে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ, পেনশন সুবিধা, ভাতা ও নিয়োগের শর্তাবলি স্পষ্ট করা হয়েছে। নতুন নীতিমালা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রযোজ্য হবে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ এখনও বহাল রয়েছে, তাদের বেতন নতুন স্কেল অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। তবে এ জন্য বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে গত ১ জুলাই থেকে নতুন বেতন কার্যকর হবে। একইসঙ্গে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত বেতন এবং চুক্তিতে নির্ধারিত ভাতা পাবেন তারা।

অন্যদিকে, গত ১ জুলাইয়ের পর যারা চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন কিংবা ভবিষ্যতে নিয়োগ পাবেন, তাদের ক্ষেত্রে অবসর গ্রহণের ঠিক আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ অনুসারে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী, বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে। তারা চুক্তিভিত্তিক পদে যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বেতন ও ভাতা পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সম্পাদিত চুক্তিতে উল্লেখ করা বেতনই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

নতুন নীতিমালায় চুক্তিভিত্তিক কর্মচারীদের পেনশন সংক্রান্ত একটি বিষয়ও স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক পদের নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির গ্রস পেনশন বা সমর্পণের আগের পেনশনের অর্থ এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা কেটে রাখা হবে না। তবে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদে কোনও বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশনের সুবিধা দেওয়া হবে না।

এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্য কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে তার যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য গুণাগুণ বিবেচনায় বেতন ভাতা এবং চাকরির শর্ত নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে সিদ্ধান্ত নিয়ে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের বিধানগুলো বহাল থাকবে। ভবিষ্যতে সরকার বেতন-ভাতা সংক্রান্ত কোনও নতুন আদেশ জারি করলে চুক্তির শর্ত অনুযায়ী সেগুলোও প্রযোজ্য হবে।

এর মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

/জেইউ/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
০৬:৪৫ পিএম
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
০৬:৪০ পিএম
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
০৬:৩৯ পিএম
প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
০৬:৩৩ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদনের বাকি এক দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদনের বাকি এক দিন
জনবল নেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
জনবল নেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনের বাকি ৬ দিন
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনের বাকি ৬ দিন