ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।
দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।
সিরাজগঞ্জ জেলা
১৯৮৪ সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় সিরাজগঞ্জ। এর নামকরণ প্রসঙ্গে জানা যায়, বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামে একজন জমিদার ছিলেন। তিনি নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ হয় ‘সিরাজগঞ্জ’। যমুনা নদীর ভাঙনে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয়। এরপর ১৮০৯ সালের দিকে খয়রাতি মহলরূপে জমিদারি সেরেস্তায় লিখিত ভূতেরদিয়া মৌজা নিলামে খরিদ করেন সিরাজউদ্দিন চৌধুরী। এই স্থানকে ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক মনে করেন তিনি। তাই ভূতেরদিয়া মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নাম দেন এই জমিদার।
সিরাজগঞ্জের তাঁতশিল্পের সুনাম রয়েছে দেশ-বিদেশে। এই জেলার ঐতিহ্য বয়ে চলেছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দীর্ঘতম আর বিশ্বের ১১তম দীর্ঘ বঙ্গবন্ধু সেতু এবং সিরাজগঞ্জ শহরের আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থাপত্য ইলিয়ট ব্রিজ। উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের কাছে প্রতিদিন বিকালে আনন্দভ্রমণে জড়ো হয় লোকজন।
সিরাজগঞ্জের অন্যান্য পর্যটন স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—পুরাকীর্তি রবীন্দ্র-কাছারিবাড়ি, সুফি সাধক শাহ কামালের (রহ.) মাজার শরিফ, হজরত মখদুম শাহদৌলার (রহ.) মাজার ও মসজিদ, ভোলা দেওয়ানের মাজার, পৌর এলাকার হার্ডপয়েন্ট পার্ক, ইকোপার্ক, মুক্তির সোপান, নবরত্ন মন্দির, সান্যাল জমিদার বাড়ির শিবদুর্গা মন্দির, মকিমপুর জমিদারবাড়ির মন্দির, ধুবিল কাটার মহল জমিদারবাড়ি, আটঘরিয়া জমিদারবাড়ি, ভাসমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, কবি রজনীকান্ত সেনের পরিত্যক্ত বসতভিটা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর বাড়ি, যাদব চক্রবর্তীর বাড়ি, জয়সাগর দীঘি, সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন








