১৯৪৭ সালে দেশভাগের আগে বলিউডের কাপুর খানদানের বংশধরেরা থাকতো পাকিস্তানের পেশোয়ারে। ওই শহরের কিসসা খোয়ানি বাজারে তাদের পারিবারিক বাড়ি গড়ে তোলেন কিংবদন্তি অভিনেতা পৃথ্বিরাজ কাপুরের বাবা বশেশ্বরনাথ কাপুর।
ভবনটিকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তাদের কাছে এই অনুরোধ করেছিলেন ঋষি কাপুর।
দেশভাগের সময় কাপুর পরিবার ভারতে চলে আসার পর বাড়িটির মালিকানা বেশ কয়েকবার হাতবদল হয়েছে। কয়েক বছর আগে পাঁচতলা বাড়িটির পঞ্চম তলা ধসে পড়ে। তবে টিকে যায় ৬০টি কক্ষ। সেগুলোর অবস্থা এখন ভালো।
ভারতের একদল সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘ঋষি কাপুর পেশোয়ারে তাদের পারিবারিক বাড়িকে জাদুঘর কিংবা ইনস্টিটিউট হিসেবে সাজানোর অনুরোধ করেছেন। আমরা তার অনুরোধ রাখছি।’
একই সুরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি বলেছেন, ‘ঋষি কাপুর টেলিফোন করে পেশোয়ারে তাদের পারিবারিক বাড়িকে সংরক্ষণের অনুরোধ করেন। আমরা তাতে ইতিবাচক সাড়া দিয়েছি। তিনি আমাকে ফোন দিয়েছিলেন। নিজের পূর্বপুরুষ বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের বিষয়ে কথা বলেছেন গুণী এই অভিনেতা। এখন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার কাজ করছে। শিগগিরই বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।’
পেশোয়ারের বাড়িটিতেই পৃথ্বিরাজ কাপুরের ছেলে রাজ কাপুরের জন্ম হয় ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর। পঞ্চাশ ও ষাটের দশকে রাজ কাপুর অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তার তিন ছেলে রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর ও দুই মেয়ে ঋতু কাপুর নন্দা ও রীমা কাপুর জৈন। রণধীরের মেয়ে কারিশমা কাপুর ও কারিনা কাপুর। ঋষির ছেলে রণবীর কাপুর ও মেয়ে রিধিমা কাপুর সাহানি।
সূত্র: এনডিটিভি








