মুন্সীগঞ্জের রামপালে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উন্মোচিত হওয়ার সম্ভাবনা

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২৩ জানুয়ারি ২০১৯, ১৮:১৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:২৩

খননকৃত স্থান পরিদর্শন করছেন জেলা প্রশাসক সায়লা ফারজানা মুন্সীগঞ্জ জেলা সদরে রামপালের বল্লাল বাড়ি এলাকায় খননের ফলে বেশকিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই কার্যক্রমে বেরিয়ে এসেছে ইট, পাথর ও মৃৎ পাত্রের টুকরো, কাঠ-কয়লা ইত্যাদি। চীন ও বাংলাদেশি প্রত্নতাত্ত্বিকদের যৌথ অংশগ্রহণে গত ২১ জানুয়ারি শুরু হওয়া দুই দিনের খননকাজ শেষ হয় মঙ্গলবার। 

গবেষকদের ধারণা, এখানে বর্গাকৃতির একটি দুর্গ ছিল। যতটুকু খনন করা হয়েছে তাতে স্থাপত্যের নমুনা বেরিয়েছে। এর সঙ্গে অন্যান্য জরিপ মিলিয়ে ধারণা করা যাচ্ছে, সেন রাজার বাড়িতে একটি প্রাচীর ঘেরা দুর্গের মতো প্রাসাদ ও মন্দির ছিল।

খননকাজ তত্ত্বাবধান করেছেন প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। তার মন্তব্য, বল্লাল বাড়ি এলাকায় পাওয়া পাথরগুলো বেশ গুরুত্বপূর্ণ। এগুলো কোনও স্থাপত্যের ভাঙা টুকরো হতে পারে। বড় আকারে খননকাজ করলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি। তখন একটি পুরো রাজধানীর চিত্র ফুটে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রত্নতত্ত্ববিদ বাংলা ট্রিবিউনকে বলেন, “খনন করে চারকোল সংগ্রহ করেছি। এটি আমেরিকান ল্যাবরেটরি ‘বেটা’তে পাঠানো হবে। সেখান থেকে কার্বন পরীক্ষার ফল পাওয়ার পর আমরা একটি তারিখ ঘোষণা করতে পারবো। অর্থাৎ সংগ্রহ করা নমুনা কত বছর আগের তা জানা যাবে। বল্লাল সেনের যেহেতু ইতিহাসে একটি তারিখ আছে সেহেতু এর সঙ্গে মিলিয়ে অসাধারণ একটি তথ্য ইতিহাসে যোগ হতে পারে।”

খননকৃত স্থান সেনদের রাজধানী বিক্রমপুর। আর বিক্রমপুরে অবস্থিত বল্লাল বাড়ি। এসব তথ্য জানিয়ে প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বল্লাল বাড়ি খননের মাধ্যমে আমরা যে স্তর পেয়েছি তাতে মনে হয়েছে, এটি রাজা বল্লাল সেনের প্রাসাদ। বাড়ির চারদিকে একটি পরিখা আছে। প্রাসাদের নিরাপত্তায় কৃত্রিমভাবে এটি করা হয়েছে বলে ধারণা আমাদের। পরিখার ওপর দিয়ে রাস্তা ও ভবন নির্মাণ হয়েছে। কিন্তু রামপাল কলেজের পেছন থেকে পরিখা স্পষ্ট দেখা যায়। অনেক বছর পেরিয়ে গেলেও পরিখা নির্দেশ করে, ওই রাজার প্রাসাদ একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিল। জায়গাটি এখন ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। এর মালিকদের অনুমতি নিয়ে ২০১১ সাল থেকে খননকাজ এগিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছি আমরা।’

বল্লাল বাড়ি এলাকায় খননের উদ্যোগ নেন বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিন। তার কথায়, ‘আমরা জানতাম, এই স্থানে রাজা বল্লাল সেনের বাড়ি। কিন্তু কখনও খননকাজ না হওয়ার কারণে প্রাচীন কোনও স্থাপত্য দৃশ্যমান ছিল না। ২০১০ সালে রঘুরামপুর ও পরে নাটেশ্বরে খননকাজ শুরু করি। পাশাপাশি এই স্থানেও খননের চেষ্টা করি। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের জায়গা দখল হওয়ার ভয়ে অনুমতি দেয়নি। পরে অনুমতি সাপেক্ষে মাত্র নয় বর্গমিটার জায়গায় খননকাজ শুরু করি। প্রাথমিকভাবে অল্প একটু জায়গায় খননের মাধ্যমে বেরিয়ে এসেছে প্রাচীন কিছু নিদর্শন।’

পরীক্ষামূলকভাবে খননের পর পুনরায় মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি জানান, সরকার সীমিত আকারে হলেও খনন প্রকল্পে অর্থ দিয়েছে। সেই অর্থ ও ব্যক্তিগত দান মিলিয়ে রঘুরামপুর ও নাটেশ্বরে খননকাজ করা হয়। তার ধারণা, বিক্রমপুর ও রামপালকে ঘিরে ১৩-১৪ বর্গমাইল এলাকায় আরও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এসব কাজে চীনা গবেষকদের সহায়তা নেওয়া হয়েছে। তারা আর্থিক ও কারিগরিভাবে সহায়তা করেছেন।

খননকাজে জেলা প্রশাসন সহযোগিতা করেছে বলেও জানান উদ্যোক্তারা। খনন করা স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। তিনি জানান, খননকাজে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম