বর্ষায় ডুয়ার্স ভ্রমণ, জঙ্গল বন্ধ হলেও প্রকৃতির দরজা খোলা

ফিচার ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১২:৫৯আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৯

বর্ষা এলেই ডুয়ার্সের অরণ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাহাড়ের গায়ে মেঘ, টানা বৃষ্টিতে ফুলে ওঠা নদী আর চারপাশের ঘন সবুজ এই সময় এই অঞ্চলকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন রূপে।

তবে বর্ষাকালে ডুয়ার্সের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের বেশির ভাগ অংশে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে। মূলত বন্যপ্রাণীদের প্রজননকাল এবং প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখেই এই সময়ে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়। তাই বর্ষায় ডুয়ার্স ভ্রমণ মানেই জঙ্গলে সাফারি নয়, বরং নদী, পাহাড়, চা-বাগান ও নিরিবিলি গ্রাম ঘুরে প্রকৃতিকে কাছ থেকে দেখা।

ডুয়ার্স হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একটি শহর। মূলত পূর্ব হিমালয়ের পাদদেশজুড়ে বিস্তৃত একটি ভৌগোলিক অঞ্চল এটি।

বর্ষার ছুটিতে ডুয়ার্স গেলে তালিকায় রাখতে পারেন এই পাঁচ জায়গা—

পাহাড় ঘেরা ঝালং (সংগৃহীত)।

১. ঝালং: নদীর পাশে মেঘ-পাহাড়ের সংসার

জলঢাকা নদীর তীরে অবস্থিত ঝালং বর্ষায় হয়ে ওঠে আরও মনোরম। পাহাড়ঘেরা নদীর পাড়ে বসে বৃষ্টির শব্দ উপভোগ করাই এখানে অন্যতম আকর্ষণ। চারপাশের জঙ্গল ও গাছপালায় পাখির আনাগোনাও চোখে পড়ে।

ঝালং থেকে চাইলে বিন্দু, রংগো বা তোদে-তাংতার মতো জায়গাতেও ঘুরে আসা যায়। স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন পর্যটকেরা।

থাকার ব্যবস্থা: ঝালঙে থাকার সুন্দর একটি জায়গা হলো নদীর পাড়ের পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগমের বাংলো। এখানে থাকলে দিনরাত কানে আসবে খরস্রোতা নদীর শব্দ। এ ছাড়াও বেশ কয়েকটি হোমস্টে রয়েছে আশপাশে।

যাতায়াত: ট্রেনে গেলে নামতে হবে নিউ মাল জংশন অথবা নিউ জলপাইগুড়ি। বাসে এলে শিলিগুড়ি। বিমানে বাগডোগরা বিমানবন্দর। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন ঝালং। নিউ মাল জংশন থেকে ঝালঙের দূরত্ব ৪০ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে ঝালঙের দূরত্ব ৯৫ কিলোমিটার।

সিসামারা নদী (সংগৃহীত)।

২. সিসামারা: নির্জনতার স্বাদ

জলদাপাড়া এলাকার কাছাকাছি সিসামারা এখনও তুলনামূলকভাবে শান্ত ও কম ভিড়ের গন্তব্য। নদীর ধার, চা-বাগান আর গ্রামীণ পরিবেশ—সব মিলিয়ে নিরিবিলি ছুটি কাটানোর জন্য জায়গাটি উপযুক্ত।

বর্ষায় নদীর জল বেড়ে গেলে প্রকৃতির রূপ আরও বদলে যায়। যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্যও চারপাশের সবুজ ও নদীর দৃশ্য আকর্ষণীয় হতে পারে।

থাকার ব্যবস্থা: নদীর আশপাশে হোমস্টে ও ছোট রিসর্ট পাওয়া যায়। এই জায়গাটিও বেশ নির্জন।

যাতায়াত: হাসিমারা বা নিউ আলিপুরদুয়ার জংশন থেকে সিসামারা আসা সুবিধাজনক। হাসিমারা থেকে দূরত্ব ২৭ কিলোমিটারের মতো, নিউ আলিপুরদুয়ার থেকে দূরত্ব ৪৬ কিলোমিটার। হাওড়া বা শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস বা মেলে চেপে এই দুই স্টেশনের একটিতে নামুন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি করেও পৌঁছোনো যায়। নিউ জলপাইগুড়ি থেকে সিসামারার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।

মূর্তি নদী (সংগৃহীত)।

৩. মূর্তি: বর্ষায় রুদ্র নদীর সৌন্দর্য

ডুয়ার্সের পরিচিত নামগুলির মধ্যে মূর্তি অন্যতম। শীত বা গ্রীষ্মে যে নদী শান্ত দেখায়, বর্ষায় তার চরিত্র অনেকটাই বদলে যায়। পাহাড়ি বৃষ্টির জলে নদী হয়ে ওঠে স্রোতস্বিনী।

নদীর ধারে বসে সময় কাটানোর পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রাকৃতিক স্থান ঘুরে দেখা যায়। বর্ষায় অবশ্য নদীর কাছে গেলে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

থাকার ব্যবস্থা: মূর্তিতে থাকার জন্য পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগমের অতিথিনিবাস রয়েছে নদীর ধারেই। রয়েছে গাছ-বাড়ি। একাধিক হোমস্টে, রিসর্টও মিলবে।

যাতায়াত: নিউ মাল জংশন থেকে মূর্তি ১৮ কিলোমিটার আর তুলনামূলকভাবে সহজেই পৌঁছনো যায়। নিউ জলপাইগুড়ি থেকেও গাড়িতে যাওয়া সম্ভব।

মানাবাড়ি চা বাগান (সংগৃহীত)

৪. মানাবাড়ি: চা-বাগানের সবুজে

চা-বাগান, পাহাড়ি রাস্তা এবং নদী—মানাবাড়ির মূল আকর্ষণ প্রকৃতির এই সমন্বয়। বর্ষার বৃষ্টিতে চা-বাগানের সবুজ আরও গাঢ় হয়ে ওঠে। আকাশ পরিষ্কার থাকলে পাহাড় ও সূর্যাস্তের দৃশ্যও উপভোগ করা যায়।

প্রকৃতির মধ্যে শান্ত সময় কাটাতে চান এমন পর্যটকদের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। আশপাশে ঘোরার জন্যও বেশ কিছু ছোট গন্তব্য রয়েছে।

থাকার ব্যবস্থা: স্থানীয় হোমস্টেগুলিতে থাকার সুযোগ রয়েছে।

যাতায়াত: নিউ জলপাইগুড়ি বা মালবাজার হয়ে সড়কপথে মানাবাড়ি যাওয়া যায়।

পাহাড়ঘেরা নদীপথের জন্য বিখ্যাত ডালিমখোলা (সংগৃহীত)।

৫. ডালিমখোলা: নদী আর পাহাড়ের নির্জন ঠিকানা

ডুয়ার্সের তুলনামূলক কম পরিচিত গন্তব্যগুলির মধ্যে ডালিমখোলা অন্যতম। চেলখোলা ও গরুবাথান এলাকার পথ ধরে পৌঁছনো এই জায়গায় পর্যটকদের মূল আকর্ষণ নদী ও পাহাড়ঘেরা পরিবেশ।

এখানে বড় পর্যটনকেন্দ্রের কোলাহল নেই। বরং হোমস্টেতে থেকে স্থানীয় পরিবেশ উপভোগ করা এবং আশপাশের পাহাড়ি গ্রামে হাঁটাহাঁটি করাই ভ্রমণের বড় অংশ হয়ে উঠতে পারে।

থাকার ব্যবস্থা: ডালিমখোলা ও আশপাশে একাধিক হোমস্টে রয়েছে।

যাতায়াত: নিউ মাল বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে গরুবাথান হয়ে পৌঁছনো যায়।

বর্ষায় ডুয়ার্স গেলে যে বিষয়টি মনে রাখবেন

বর্ষায় ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে গেলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হতে পারে, নদীর জল হঠাৎ বেড়ে যেতে পারে এবং কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বর্ষাকালে জঙ্গল সাফারি বন্ধ থাকার নিয়ম মেনে চলতে হবে। নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা না করে নদী, পাহাড়, চা-বাগান ও স্থানীয় গ্রামকেন্দ্রিক ভ্রমণ পরিকল্পনা করাই নিরাপদ।

অরণ্যের দরজা বন্ধ থাকলেও বর্ষায় ডুয়ার্সের প্রকৃতি কিন্তু বন্ধ থাকে না। বরং এই সময়েই মেঘ, বৃষ্টি, নদী আর সবুজ মিলে তৈরি করে ডুয়ার্সের এক অন্যরকম ছবি।

/এমএএল/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় ২ ভারতীয় চিকিৎসককে সর্বোচ্চ সম্মান দিচ্ছে পাকিস্তান
ভগত সিং-আম্বেদকরকেও ‘দিমাগি নকশাল’ বলতেন মোদি: কেজরিওয়াল
সর্বশেষ খবর
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
যেখানে ঝগড়াও মধুর, সেই সম্পর্কের আজ বিশেষ দিন
যেখানে ঝগড়াও মধুর, সেই সম্পর্কের আজ বিশেষ দিন
যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: আমান 
যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: আমান 
ঢাকায় আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য কতটি
ঢাকায় আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য কতটি
সর্বাধিক পঠিত
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা