যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্যান্ড হলো স্টেট পার্ক যেন প্রকৃতির আঁকা এক অবাস্তব ছবি। ফিরোজা নীল পানি আর কমলা-লাল বেলেপাথরের পাহাড়ের বৈপরীত্যে তৈরি হয়েছে অন্য জগতের মতো এক দৃশ্য। সেন্ট জর্জ শহর থেকে গাড়িতে মাত্র ২০ মিনিট পূর্বে অবস্থিত স্যান্ড হলো রিজার্ভয়ারকে ঘিরেই গড়ে উঠেছে এই পার্ক।
পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্যও জায়গাটি বেশ উপযোগী। রিজার্ভয়ারের পানিতে ওয়াটার স্কিইং, নৌকা চালানো ও মাছ ধরার পাশাপাশি অফ-রোড ড্রাইভিংয়ের সুযোগ রয়েছে। আর লাল পাথরের খাড়া পাহাড়গুলো হয়ে উঠেছে রোমাঞ্চপ্রিয়দের আকর্ষণের কেন্দ্র।
পাথরের এসব প্রাকৃতিক খাঁজ থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সুযোগ রয়েছে। পানির ওপর প্রায় ৫ থেকে ৩৫ ফুট উচ্চতার বিভিন্ন জায়গা থেকে ক্লিফ জাম্পিং করা যায়। নিরাপত্তার জন্য পার্কের ভিজিটর সেন্টার থেকে বিনা মূল্যে লাইফ জ্যাকেট নেওয়া যায়।
তবে শুধু রোমাঞ্চ নয়, নিরিবিলি সময় কাটানোর সুযোগও রয়েছে এখানে। ১ হাজার ৩০০ একরের বেশি বিস্তৃত রিজার্ভয়ারের প্রায় ৮০ ডিগ্রি ফারেনহাইট উষ্ণ পানির বিভিন্ন ছোট উপসাগরে রয়েছে সমতল বালুকাবেলা। সেখানে ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে সাঁতার কাটা যায়।
লাল পাথরের পাহাড়, নীলাভ পানি আর মরুভূমির আবহে স্যান্ড হলো স্টেট পার্ক হতে পারে প্রকৃতি ও রোমাঞ্চপ্রেমীদের জন্য দারুণ এক ভ্রমণ স্থান।
গাড়ি প্রবেশ ফি: অনাবাসীদের জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৫ ডলার; ইউটাহর বাসিন্দাদের জন্য ২০ ডলার।
ক্যাম্পসাইট: প্রতি রাত ৩৫ ডলার থেকে।









