সুন্দর সমুদ্রসৈকত, জমজমাট বাজার, প্রাচীন মন্দির, স্ট্রিট ফুড আর প্রাণবন্ত রাতের জীবনসহ থাইল্যান্ডে পর্যটকদের জন্য রয়েছে নানা আয়োজন। ব্যাংককের ব্যস্ত নগরজীবন দেখা কিংবা বিভিন্ন দ্বীপে সময় কাটানো, দেশটির বৈচিত্র্য উপভোগ করতে প্রতি বছরই ভিড় করেন ভ্রমণপিপাসুরা। তবে থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার আগে স্থানীয় রীতিনীতি, যাতায়াতের নিয়ম এবং কিছু ব্যবহারিক বিষয়ে ধারণা থাকলে ভ্রমণ আরও নির্বিঘ্ন হতে পারে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা এমিলি পোমেরয় থাইল্যান্ডে পর্যটকদের যে ১০টি কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। এটিএম থেকে টাকা তোলা, প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করা থেকে শুরু করে স্থানীয় খাবার চেখে দেখাসহ তাঁর তালিকায় রয়েছে নানা বিষয়।
থাইল্যান্ড ভ্রমণে যে ১০টি বিষয় মাথায় রাখবেন
১. এটিএম থেকে বারবার অল্প টাকা তুলবেন না: এমিলির দাবি, থাইল্যান্ডে প্রতিবার এটিএম থেকে টাকা তুললে ২২০ বাথ ফি দিতে হয়। তাই বারবার অল্প অল্প করে টাকা তোলার বদলে একবারে প্রয়োজন অনুযায়ী বেশি টাকা তোলার পরামর্শ দিয়েছেন তিনি। এতে একাধিকবার টাকা তোলার জন্য বারবার ফি দেওয়ার প্রয়োজন কমবে।
২. নিজে চুল না ধুয়ে সেলুনে যেতে পারেন: থাইল্যান্ডে স্থানীয় সেলুনে গিয়ে চুল ধোয়া ও ব্লো-ড্রাই করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন এমিলি। তাঁর মতে, দেশটিতে এটি পরিচিত একটি পরিষেবা এবং তুলনামূলক সাশ্রয়ী খরচে পাওয়া যায়। ভ্রমণের ফাঁকে একটু আরাম করতে চাইলে স্থানীয় সেলুনের এই পরিষেবা নিতে পারেন পর্যটকেরা।
৩. মশা তাড়ানোর পণ্য সঙ্গে রাখুন: থাইল্যান্ডে মশা তাড়ানোর পণ্য সহজেই পাওয়া যায় বলে জানিয়েছেন এমিলি। তাঁর পরামর্শ, সেখানে পৌঁছে স্থানীয় দোকান থেকে এ ধরনের পণ্য কিনে নেওয়া যেতে পারে। দেশটির ৭-ইলেভেনের মতো দোকানেও এগুলো মেলে। তবে ভ্রমণের সময় উপযুক্ত মশা প্রতিরোধক ব্যবহার করা জরুরি।
৪. প্রয়োজনীয় অ্যাপ আগেই ডাউনলোড করুন: থাইল্যান্ডে যাতায়াতের সুবিধার জন্য গ্র্যাব অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন এমিলি। ভ্রমণের আগে কোন কোন অ্যাপ প্রয়োজন, তা জানতে whatappdoineed.com ওয়েবসাইটটির কথাও উল্লেখ করেছেন তিনি। আগে থেকে প্রয়োজনীয় অ্যাপ প্রস্তুত রাখলে বিমানবন্দরে নামার পর গাড়ি বুক করা কিংবা যাতায়াতের ব্যবস্থা করতে সুবিধা হবে।
৫. কারও মাথায় হাত দেবেন না: থাইল্যান্ডে স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। এমিলির মতে, থাই সংস্কৃতিতে মাথাকে শরীরের পবিত্র অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাই পরিচিত বা অপরিচিত কারও মাথায় হাত দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
৬. পর্যটক পুলিশের নম্বর সংরক্ষণ করুন: থাইল্যান্ডে যাওয়ার আগে পর্যটক পুলিশের নম্বর ১১৫৫ মুঠোফোনে সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছেন এমিলি। পর্যটকদের সহায়তায় এই বিভাগ ইংরেজি ভাষায়ও সেবা দিয়ে থাকে। ভ্রমণের সময় কোনও সমস্যায় পড়লে নম্বরটি কাজে লাগতে পারে।
৭. মোটরবাইক চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন: থাইল্যান্ডে মোটরবাইক ভাড়া নেওয়ার আগে সেটি চালানোর যথেষ্ট দক্ষতা আছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন এই পর্যটক। সড়কের নিয়ম না জানা কিংবা অনভিজ্ঞ অবস্থায় মোটরবাইক চালালে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। নিজের অভিজ্ঞতা জানিয়ে এমিলি বলেন, একবার সড়কের ভুল দিক দিয়ে আসা এক পর্যটকের চালানো মোটরবাইকের ধাক্কায় পড়েছিলেন তিনি। তাই মোটরবাইক চালানোর ক্ষেত্রে নিরাপত্তা ও স্থানীয় ট্রাফিক আইন মেনে চলা জরুরি।
৮. সবাই ইংরেজি বুঝবেন, এমনটা ভাববেন না: থাইল্যান্ডে অনেক স্থানীয় মানুষ ইংরেজিতে কথা বলতে স্বচ্ছন্দ নাও হতে পারেন। তাই তাদের সঙ্গে যোগাযোগের সময় ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এমিলি। ভাষাগত সমস্যার কারণে রেস্তোরাঁর বিরুদ্ধে নেতিবাচক রিভিউ দেওয়াকেও তিনি অন্যায্য বলে মনে করেন। থাই দেশটির স্থানীয় ভাষা—এ কথা মনে রেখে প্রয়োজনে অনুবাদের অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
৯. মোবাইল ইন্টারনেটের ব্যবস্থা করে নিন: থাইল্যান্ডে পৌঁছানোর পরপরই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পেতে আগে থেকে ই-সিম সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন এমিলি। এতে বিমানবন্দরে নামার পর থেকেই অনলাইন মানচিত্র দেখা, গাড়ি বুক করা কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজে নেওয়া সহজ হবে।
১০. প্রতিবার প্যাড থাই খাবেন না: থাইল্যান্ডের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে প্যাড থাই অন্যতম। তবে দেশটির খাবারের বৈচিত্র্য উপভোগ করতে শুধু এই একটি পদে সীমাবদ্ধ না থাকার পরামর্শ দিয়েছেন এমিলি। যে এলাকায় বেড়াতে যাচ্ছেন, সেখানকার মানুষের কাছে স্থানীয়ভাবে কোন খাবার জনপ্রিয়, তা জেনে নিয়ে নতুন পদ চেখে দেখতে পারেন। এতে থাইল্যান্ডের আঞ্চলিক খাবারের স্বাদ ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা মিলবে।
ভিডিওটি দেখে কী বলছেন নেটিজেনরা?
থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন অনেকেই ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “একদিন থাইল্যান্ডে যাব, সেই আশায় রিলটি সেভ করে রাখলাম।” আরেকজন মন্তব্য করেছেন, “এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ। দুই সপ্তাহ পরই থাইল্যান্ড যাচ্ছি।” অন্য এক নেটিজেন লিখেছেন, “থাইল্যান্ডে যাওয়া আমার স্বপ্ন। তাই ভিডিওটি সেভ করে রাখছি।”
নগদ টাকা তোলা ও যাতায়াতের প্রস্তুতি থেকে শুরু করে স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা—থাইল্যান্ড ভ্রমণের আগে এসব বিষয় মাথায় রাখা কাজে আসতে পারে। পাশাপাশি, নিরাপদে চলাফেরা, প্রয়োজনীয় যোগাযোগের ব্যবস্থা এবং স্থানীয় খাবার সম্পর্কে খোঁজখবর নিয়ে রাখলে ভ্রমণের পরিকল্পনা আরও সহজ হবে।