যে দ্বীপে সোনালি সৈকত, ঘন অরণ্য আর নির্জন প্রকৃতির হাতছানি

ফিচার ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১০:১০ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০

থাইল্যান্ড উপসাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট এক দ্বীপ ফু কুক। ভিয়েতনামের অন্তর্গত এই দ্বীপটি কম্বোডিয়ার উপকূলের কাছেই অবস্থিত। সোনালি বালির সৈকত, ঘন গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য, রঙিন মাছ ধরার নৌকা আর গোলমরিচের বাগানের কারণে প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ফু কুক। পর্যটকদের আনাগোনা বাড়লেও দ্বীপের নানা প্রান্তে এখনও রয়েছে নির্জন সৈকত ও শান্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ।

দ্বীপের প্রধান শহর দুয়ং দং (ছবি: সংগৃহীত)

ফু কুকের অন্যতম আকর্ষণ লং বিচ। দ্বীপের পশ্চিম উপকূল ধরে বিস্তৃত এই সৈকতে রয়েছে খোলা আকাশের নীচে নানা রেস্তোরাঁ ও সৈকতসংলগ্ন পানশালা। পর্যটকদের আনাগোনা থাকলেও সৈকতের পরিবেশ বেশ নিরিবিলি। আরও শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে দ্বীপের উত্তর ও পশ্চিম উপকূলের ছোট ছোট নির্জন সৈকতে যাওয়া যায়। দক্ষিণ উপকূলের কাছে আন থই দ্বীপপুঞ্জেও নৌকায় ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে। সেখানে স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং মাছ ধরার গ্রাম ঘুরে দেখা যায়।

দ্বীপের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে ফু কুক জাতীয় উদ্যান। ঘন চিরসবুজ অরণ্য, মেলালিউকা গাছের বন, উপকূলীয় বনভূমি এবং ম্যানগ্রোভের সমাহার এই উদ্যানের বিশেষ আকর্ষণ। জাতীয় উদ্যানের সামুদ্রিক সংরক্ষিত এলাকায় রয়েছে নানা জলপথ। ভাগ্য সহায় হলে সেখানে ডুগংয়ের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীও দেখা যেতে পারে। সমুদ্রসৈকতের পাশাপাশি অরণ্য ও বন্যপ্রাণী দেখতে যারা ভালবাসেন, তাদের জন্য এই অঞ্চল বিশেষ আকর্ষণীয়।

সামুদ্রিক সংরক্ষিত এলাকায় রয়েছে নানা জলপথ (ছবি: সংগৃহীত)

প্রকৃতির পাশাপাশি ফু কুকের ইতিহাসও পর্যটকদের আগ্রহের বিষয়। দ্বীপের প্রধান শহর দুয়ং দংয়ে রয়েছে কোই নুয়োন জাদুঘর। সেখানে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির নানা নিদর্শন রয়েছে। দ্বীপের আশপাশে ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা মৃৎশিল্পের সামগ্রীও দেখা যায়।

এ ছাড়া রয়েছে ফু কুক কারাগার, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। প্রথম ইন্দোচিন যুদ্ধের সময় ফরাসি বাহিনী এবং পরে ভিয়েতনাম যুদ্ধের সময়ে মার্কিন বাহিনী এই কারাগার ব্যবহার করেছিল। দ্বীপের অতীত সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।

রাতের রঙিন ফু কুকে (ছবি: সংগৃহীত)

ফু কুকের আর এক পরিচিতি মাছ থেকে তৈরি নুওক মাম সসের জন্য। ভিয়েতনামের রান্নায় বহুল ব্যবহৃত এই সস তৈরি হয় মাছ গাঁজিয়ে। দ্বীপের দুয়ং দং এলাকায় রয়েছে সস তৈরির কারখানা, যেখানে উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানা যায়। এ ছাড়া দ্বীপের বিভিন্ন জায়গায় গোলমরিচের বাগানও রয়েছে। স্থানীয় খাদ্যসংস্কৃতি ও কৃষির সঙ্গে পরিচিত হতে চাইলে এই জায়গাগুলো ঘুরে দেখা যায়।

তবে নুওক মামের তীব্র গন্ধের কারণে কিছু বিমান সংস্থায় এটি বহনের বিধিনিষেধ রয়েছে। তাই দ্বীপ থেকে এই সস কেনার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার নিয়ম জেনে নেওয়া জরুরি।

ফু কুকের ইতিহাসে কম্বোডিয়া ও ভিয়েতনাম দুই দেশেরই যোগ রয়েছে। একসময় কম্বোডিয়ার দাবি থাকা এই দ্বীপ বর্তমানে ভিয়েতনামের অংশ। এখন এখানকার জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে মাছ ধরা, কৃষিকাজ ও পর্যটন। স্থানীয়দের জীবনযাত্রা কাছ থেকে দেখার পাশাপাশি দ্বীপের শান্ত পরিবেশে সময় কাটানোও ভ্রমণের আনন্দ বাড়িয়ে তোলে।

সমুদ্রসৈকতে অবকাশযাপন, নৌবিহার, ডাইভিং, অরণ্য ভ্রমণ কিংবা স্থানীয় ইতিহাস ও খাবারের সঙ্গে পরিচিত হওয়াসহ ফু কুকে একসঙ্গে মিলবে নানা ধরনের অভিজ্ঞতা। তাই ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনায় এই দ্বীপকে রাখতে পারেন পর্যটকেরা।

/এমএএল/
সম্পর্কিত
প্রকৃতির খেয়াল, নাকি মানুষের কারসাজি? পোল্যান্ডের বাঁকানো বনের রহস্য কী
সীমান্তের ওপারে ইতিহাসের প্রাচীন তোরণ, কোতওয়ালী দরজা
সুন্দরবনের বনে বনে গম্ভীর চেহারার আড়ালে চঞ্চল সাদা-গলা মাছরাঙা
সর্বশেষ খবর
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর
শীতের সবজি এলেও কমেনি দাম, নেপথ্যে পরিবহন খরচ
শীতের সবজি এলেও কমেনি দাম, নেপথ্যে পরিবহন খরচ
সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের
সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের
পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই মেসির, কী সেই নিয়ম?
পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই মেসির, কী সেই নিয়ম?
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত