বিদেশে বেড়াতে গেলে স্থানীয় মুদ্রা বদলে নেওয়া কিংবা নগদ টাকা সঙ্গে রাখা অনেকের কাছেই ঝামেলার বিষয়। তবে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ভারতীয় ইউপিআই অ্যাপের মাধ্যমে খাবারের দাম মেটানোর সুযোগ পেয়ে খুশি এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। তার সেই অভিজ্ঞতার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ইনস্টাগ্রামে ভিডিয়ো ভাগ করে শাইনা শর্মা জানান, শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে তিনি একটি দোকান থেকে কফি ও খাবার কিনেছিলেন। কিন্তু তার কাছে ছিল না শ্রীলঙ্কার মুদ্রা, ভারতীয় টাকা কিংবা মার্কিন ডলার। এমন পরিস্থিতিতে ইউপিআইয়ের মাধ্যমে দাম মেটানোর সুযোগ পেয়ে অবাক হন তিনি।
শাইনা বলেন, “একজন ভারতীয় হিসেবে এখানে এসে আমার খুব ভালো লাগল যে ইউপিআই কাজ করছে।” ভিডিয়োয় দোকানের কিউআর কোড স্ক্যান করে টাকা মেটানোর পদ্ধতিও দেখান তিনি। তার কথায়, লেনদেনের আগে স্ক্রিনে মুদ্রা বিনিময়ের হার দেখা যাচ্ছিল। ফলে টাকা দেওয়ার আগেই কত অর্থ কাটা হবে, তা যাচাই করে নেওয়া সম্ভব।
শাইনার কথায়, “এখানে বেড়াতে আসা ভারতীয়দের জন্য এটি সত্যিই খুব ভালো একটি ব্যবস্থা।” শপিং মল থেকে ছোট ডিপার্টমেন্টাল স্টোর যেখানে ইউপিআই পরিষেবা চালু রয়েছে, এমন বিভিন্ন দোকানে এই পদ্ধতিতে টাকা মেটানো যায় বলেও জানান তিনি। নিজে লেনদেন করে তিনি বলেন, “হ্যাঁ, আমিও করে দেখলাম। এ বার আমার কফি আর স্যান্ডউইচ চলে আসবে।”
ইনস্টাগ্রামের ক্যাপশনে শাইনা লেখেন, ভারতীয় পর্যটক হিসেবে ইউপিআইয়ের এই সুবিধা শ্রীলঙ্কা ঘোরার অভিজ্ঞতাকে অনেক সহজ করে দিয়েছে। যারা শ্রীলঙ্কা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই পরামর্শ কাজে লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তবে শ্রীলঙ্কায় সর্বত্র ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটানোর সুবিধা পাওয়া যায় না। তাই কেনাকাটা বা খাবারের দাম দেওয়ার আগে সংশ্লিষ্ট দোকানে এই পরিষেবা চালু রয়েছে কি না, তা জেনে নেওয়া জরুরি। পাশাপাশি, বিকল্প ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কার স্থানীয় মুদ্রা বা অন্য কোনও পেমেন্ট পদ্ধতি সঙ্গে রাখাও বুদ্ধিমানের কাজ।