দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট

ফিচার ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০

পুরোনো দিনের হাটের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে নানা রকম পণ্যের পসরা, মানুষের ভিড় আর কেনাবেচার ব্যস্ততা। এমনই এক ঐতিহ্যবাহী হাট রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠা কাইকারটেক হাটের বয়স পেরিয়েছে দুই শতাব্দী। সময় বদলেছে, বদলেছে মানুষের কেনাকাটার ধরন, কিন্তু আজও প্রতি রবিবার হাট বসে শতবর্ষী বটগাছের ছায়ায়।

কাইকারটেক মূলত সোনারগাঁ উপজেলার একটি গ্রাম। প্রতি সপ্তাহের রবিবার সড়ক ও নদীপথ ধরে নানা প্রান্তের ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাজির হন এখানে। নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সীগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী থেকেও আসেন বিক্রেতারা। একসময় এই হাটে কেনাবেচার জন্য ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও এখন অনেক পণ্য দোকানে সহজে পাওয়া যায় বলে ক্রেতার সংখ্যা কিছুটা কমেছে। তবে হাটটির ঐতিহ্য ও বৈচিত্র্য এখনও টিকে আছে।

কাইকারটেক হাটের ঐতিহ্যবাহী পুতা মিষ্টি (ছবি: সংগৃহীত)

হাটে ঢুকলেই চোখে পড়ে মসলা ও নানা ধরনের বীজের দোকান। সেখানে মেলে মৌসুমি শাকসবজি, ফসল ও গাছের বীজ। পাশাপাশি রয়েছে কবুতর ও বাঁশের খাঁচা। একটু এগোলেই দেখা মিলবে মাছ-মাংস, পশুপাখি, মাটির হাঁড়ি, লোহার দা-বটি, কোদাল, নিড়ানি, শেকল, বাঁশের চালুনি, ডুলা, কুলা, মাছ ধরার জাল, বড়শি, দড়ি, কাপড়, মিষ্টি, গাছের চারা, বেত-বাঁশসহ নানা পণ্যের। কোথাও কোথাও পাওয়া যায় পুরোনো দিনের এমন সব জিনিস, যা দেখলে নব্বইয়ের দশকের স্মৃতি মনে পড়ে যেতে পারে।

তবে কাইকারটেক হাটে গেলে স্বাদ নিতে ভুলবেন না ঐতিহ্যবাহী পুতা মিষ্টির। আকারে বেশ বড় এই মিষ্টির একেকটির ওজন প্রায় এক কেজি। মসলা বাটার পুতার মতো দেখতে বলেই এর নাম পুতা মিষ্টি। হাটের মিষ্টি বিক্রেতা প্রদীপ ঘোষ জানান, তাদের পরিবারে কয়েক প্রজন্ম ধরে এই মিষ্টি তৈরি হচ্ছে। শুধু কাইকারটেক নয়, সোনারগাঁয়ের আনন্দবাজার হাটেও তাদের মিষ্টি বিক্রি হয়। এখন নতুন অনেক ব্যবসায়ীও এই মিষ্টি তৈরি করছেন।

কাইকারটেক হাটে বেতের জিনিস নিয়ে বসেছেন দোকানিরা (ছবি: সংগৃহীত)

বিশেষ সময়ের আরেক আকর্ষণ নৌকা ও ঘোড়া। হাট পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে টানা প্রায় পাঁচ মাস এখানে নৌকা বিক্রি হয়। আশপাশের বিল ও জলাশয়ে পানি কমে যাওয়ায় শীতকালে নৌকার চাহিদা থাকে না। বর্ষা এলেই আবার নৌকা নিয়ে হাজির হন নির্মাতারা। অন্যদিকে মুন্সীগঞ্জ ও সোনারগাঁয়ের কিছু বিক্রেতা মাঝে মাঝে ঘোড়াও নিয়ে আসেন। তবে কয়েক বছর ধরে ঘোড়া বিক্রেতাদের নিয়মিত দেখা যায় না।

হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটিও দর্শনার্থীদের নজর কাড়ে। স্থানীয়দের ধারণা, গাছটির বয়সও হাটের মতো প্রায় ২০০ বছর। কাছেই রয়েছে পুরোনো আমলের একটি ভাঙা দেয়াল। কে বা কারা এই হাটের গোড়াপত্তন করেছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে এর ইতিহাস নিয়ে রয়েছে নানা আলোচনা।

পর্যটক ইবনে বতুতার ভ্রমণবৃত্তান্তেও নাকি সোনারগাঁয়ের নদীতীরবর্তী একটি হাটের উল্লেখ পাওয়া যায়। সেখানে হাতি বিক্রির কথাও রয়েছে। সেই বর্ণনার সঙ্গে কাইকারটেক হাটের কিছু মিল খুঁজে পাওয়া যায়। তবে বর্তমান হাটটির সঙ্গে ইবনে বতুতার বর্ণিত হাটের সরাসরি ঐতিহাসিক যোগসূত্র নিশ্চিত নয়।

পুরোনো দিনের হাটের আবহ, বিচিত্র সব পণ্যের সমাহার, শতবর্ষী বটগাছ আর এক কেজি ওজনের পুতা মিষ্টির কারণে আপনিও ঘুরে আসতে পারেন কাইকারটেক হাট। বিশেষ করে রবিবার গেলে হাটের আসল রূপ দেখা যাবে।

/এমএএল/
সম্পর্কিত
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
শুধু টোট ব্যাগ কিনতেই বিদেশ ভ্রমণ! জনপ্রিয় হচ্ছে ‘পিলগ্রা-মার্চ’
সর্বশেষ খবর
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা