পাহাড়ের নীরবতা পেরিয়ে হেডল্যাম্পের আলোয় প্রবেশ করা যায় এক অন্য জগতে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের গিফোর্ড পিনশট ন্যাশনাল ফরেস্টে অবস্থিত এইপ কেভ প্রকৃতিপ্রেমী ও দুঃসাহসী ভ্রমণকারীদের জন্য এক অনন্য ভ্রমণস্থান। পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ৬৩ মাইল উত্তর-পূর্বে থাকা এই লাভা টিউবটি প্রায় দুই হাজার বছর আগে আগ্নেয় লাভার প্রবাহে তৈরি।
প্রায় ২ দশমিক ৫ মাইল দীর্ঘ ভূগর্ভস্থ এই সুড়ঙ্গের ভেতরের তাপমাত্রা সারা বছরই প্রায় ৪২ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকে। ফলে গুহায় প্রবেশের সময় গরম পোশাক সঙ্গে রাখা জরুরি। নিরাপত্তার জন্য প্রত্যেক অভিযাত্রীর কাছে অন্তত দুটি নির্ভরযোগ্য আলোর উৎস থাকা উচিত। মোবাইল ফোনের আলোকে অবশ্যই বিকল্প আলো হিসেবে ধরা ঠিক নয়।
এইপ কেভ ঘুরে দেখার জন্য রয়েছে দুটি পথ—লোয়ার কেভ ও আপার কেভ। তুলনামূলক সহজ লোয়ার কেভে দেড় মাইল যাওয়া-আসার পথে প্রশস্ত ও অপেক্ষাকৃত সমতল সুড়ঙ্গ পেরোতে হয়। অন্যদিকে আপার কেভ অনেক বেশি চ্যালেঞ্জিং। এই পথে গুহার ভেতর প্রায় দেড় মাইল এগিয়ে বাইরে দিয়ে একই দূরত্বে ফিরতে হয়।
আপার কেভের পথে রয়েছে কয়েক ডজন পাথর টপকে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কোথাও আবার প্রায় আট ফুট উঁচু পাথরের দেয়ালও পার হতে হয়। তাই এ পথ বেছে নেওয়ার আগে নিজের শারীরিক সক্ষমতা বিবেচনা করা জরুরি। অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম সঙ্গী সঙ্গে থাকলে অভিযাত্রা হতে পারে আরও নিরাপদ।
অন্ধকার, ঠান্ডা আর পাথুরে পথ পেরিয়ে এইপ কেভের গভীরে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এই ভূগর্ভস্থ অভিযানে সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাকেও দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব।









