কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!

ফিচার ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৭ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৭

ছুটির দিনে বেড়াতে যাওয়ার কথা ভাবলেই অনেকের মাথায় আসে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের নাম। কিন্তু ভিড়ভাট্টা, হোটেলের কোলাহল আর ব্যস্ত রাস্তাঘাট থেকে দূরে যদি কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে চান, তা হলে ঘুরে আসতে পারেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা কোনও ছোট্ট গ্রামে। যেখানে ঘুম ভাঙবে পাখির ডাকে, চোখের সামনে থাকবে সবুজ পাহাড় আর নির্মল বাতাসে মন ভরে উঠবে প্রকৃতির সান্নিধ্যে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার খারকা গাঁও তেমনই এক মনোরম ঠিকানা। রঙিন গাঁদা ফুলে সাজানো এই পাহাড়ি গ্রামকে দেখলে মনে হবে, যেন কোনও ছবির পোস্টকার্ড!

নির্মল পরিবেশ এবং হিমালয়ের মনোরম দৃশ্যের জন্য পরিচিত এই গ্রাম  (ছবি: সংগৃহীত)

কোথায় রয়েছে খারকা গাঁও?

পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত খারকা গাঁও। কালিম্পং শহর থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দেওলো পাহাড়ের কাছাকাছি এই ছোট্ট জনপদ চারপাশের সবুজ পাহাড়, নির্মল পরিবেশ এবং হিমালয়ের মনোরম দৃশ্যের জন্য পরিচিত। কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির তুলনায় এখানে পর্যটকদের আনাগোনা অনেকটাই কম। ফলে পাহাড়ের নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে খারকা গাঁও হতে পারে পছন্দের ঠিকানা।

কেন যাবেন খারকা গাঁও?

খারকা গাঁওয়ের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার গাঁদা ফুলের সমারোহ। ফুল ফোটার মরশুমে গ্রামের রাস্তার দু'ধারে এবং আশপাশের এলাকায় ফুটে ওঠে হলুদ-কমলা রঙের গাঁদা ফুল। পাহাড়ের সবুজের মাঝে এই রঙিন ফুলের সমাহার গোটা গ্রামকে করে তোলে ছবির মতো সুন্দর। প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি যাদের ফটোগ্রাফির শখ রয়েছে, তাদের কাছেও জায়গাটি বেশ আকর্ষণীয়।

গ্রামের রাস্তার দু`ধারে এবং আশপাশের এলাকায় ফুটে ওঠে হলুদ-কমলা রঙের গাঁদা ফুল  (ছবি: সংগৃহীত)

এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাসহ হিমালয়ের একাধিক তুষারশৃঙ্গ। পরিষ্কার আকাশে ভোরের সূর্যোদয় কিংবা বিকালের সূর্যাস্তের দৃশ্য মন ছুঁয়ে যায়। পাহাড়ের গায়ে সূর্যের আলো-ছায়ার খেলা আর দূরের বরফঢাকা শৃঙ্গের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাবে, তা টেরই পাবেন না।

শুধু ফুল আর পাহাড় নয়, পাখিপ্রেমীদের কাছেও আকর্ষণীয় এই গ্রাম। আশপাশের সবুজ পরিবেশে দেখা মিলতে পারে হোয়াইট-ব্রাউড শ্রাইক ব্যাবলার, ব্লু-থ্রোটেড বারবেট এবং রেড-ভেন্টেড বুলবুলের মতো বিভিন্ন প্রজাতির পাখির। পাখির ডাক, পাহাড়ি বাতাস আর প্রকৃতির শান্ত পরিবেশ মিলিয়ে খারকা গাঁওয়ে কাটানো সময় হয়ে উঠতে পারে বেশ অন্য রকম।

কোথায় থাকবেন?

খারকা গাঁও এখনও তুলনামূলকভাবে অফবিট পর্যটনকেন্দ্র। তাই এখানে বড় হোটেল বা বিলাসবহুল রিসর্টের পরিবর্তে স্থানীয়দের পরিচালিত হোমস্টের উপরই নির্ভর করতে হবে। সাধারণ সুযোগ-সুবিধাসহ এই হোমস্টেগুলিতে থাকার ব্যবস্থা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আতিথেয়তা পাওয়ার পাশাপাশি কাছ থেকে পাহাড়ি গ্রামের জীবনযাত্রা দেখার সুযোগও মিলবে। যাওয়ার আগে অবশ্যই হোমস্টের ঘর ও খাবারের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে বুকিং করে নেওয়া ভালো।

এখানে থাকতে হলে স্থানীয়দের পরিচালিত হোমস্টের উপরই নির্ভর করতে হবে  (ছবি: সংগৃহীত)

কখন যাবেন?

খারকা গাঁও বেড়ানোর জন্য এপ্রিল থেকে জুন মাস বেশ উপযুক্ত। এই সময়ে আবহাওয়া সাধারণত মনোরম থাকে। তাপমাত্রা থাকে প্রায় ১৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে পাহাড়ি পথে ঘোরাঘুরি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং ছবি তোলার জন্য সময়টি বেশ ভালো।

শীতকালে এখানে ঠান্ডার দাপট বাড়ে। অন্য দিকে, বর্ষাকালে অতিবৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে। ব্যাহত হতে পারে যান চলাচলও। তাই বর্ষায় খারকা গাঁও যাওয়ার পরিকল্পনা করলে আবহাওয়ার পূর্বাভাস এবং রাস্তার পরিস্থিতি সম্পর্কে আগাম খোঁজ নেওয়া জরুরি।

মন ছুঁয়ে যাবে আশপাশের সবুজ পরিবেশ  (ছবি: সংগৃহীত)

কীভাবে পৌঁছবেন?

সড়কপথে কালিম্পং শহর থেকে গাড়িতে মাত্র ৩০ মিনিটের মতো সময় লাগে খারকা গাঁও পৌঁছতে। দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি (এনজেপি) এবং বাগডোগরা থেকেও গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে গ্রামে পৌঁছনো যায়।

বিমানপথে যেতে চাইলে নামতে হবে বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে খারকা গাঁওয়ের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। বিমানবন্দর থেকে ট্যাক্সি ভাড়া করে পৌঁছে যাওয়া যায়।

যারা রেলপথে যাবেন, তাদের নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এনজেপি থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে যেতে সময় লাগতে পারে প্রায় তিন থেকে চার ঘণ্টা। তবে রাস্তার অবস্থা ও যানজটের উপর যাত্রার সময় নির্ভর করবে।

পাহাড়ের কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানো, সকালে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা কিংবা গাঁদা ফুলে সাজানো পথ ধরে হাঁটাসহ খারকা গাঁও হতে পারে ব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ার এক সুন্দর ঠিকানা।

/এমএএল/
সম্পর্কিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল