একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীসহ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার পরবর্তী তারিখ আগামী ২১ জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। তবে লিয়াকত আলী বর্তমানে পলাতক রয়েছেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লিয়াকত আলী ও কিশোরগঞ্জের রজব আলীর বিরুদ্ধে হত্যা, লুটপাট ও আটক করে নির্যাতনের মোট দু’টি অভিযোগ রয়েছে।
বুধবার ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এবং প্রসিকিউটর সুলতানা রেজিয়া।
এর আগে পূর্ব নির্ধারিত দিন অনুসারে অভিযোগ আমলে নেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে মামলার দুই আসামি পলাতক থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
এদিকে আরেক মামলায় নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার এজলাসে আসামি আবদুল ওহাব ও ওমর আলীকে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে মামলার পরবর্তী তারিখ আগামী ২১ জুলাই নির্ধারণ করেন।
উল্লেখ্য, এ দুই আসামি বিশেষ ক্ষমতা আইনের মামলায় নড়াইলে গ্রেপ্তার ছিলেন। তবে ট্রাইব্যুনালের আদেশের পর তাদের যুদ্ধপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: এমপি ও প্রশাসনের নির্দেশেই শ্যামল কান্তিকে বরখাস্ত করা হয়েছে
/ইউআই/এজে








