রাজধানীর খিলক্ষেত থেকে মোছাম্মৎ শিউলী বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে খিলক্ষেতের ব্যাপারীপাড়ার বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভগ্নিপতি জামাল হোসেন জানান, রাত ১০টার দিকে শিউলীর স্বামী মাইনুদ্দিন আমাকে ফোন করে বলেন, আপনার শালীকে মেরে ফেলে রাখছি। লাশ নিয়ে যান। এ সময় তার কথাকে ঠাট্টা ভেবে শিউলীকে বারবার ফোন করি। কিন্তু ফোনে তাকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘরের তালা ভেঙে শিউলীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খিলক্ষেত থানার এসআই হোসাইন মো. মোস্তফা জানান, ভোর ৪টার দিকে খিলক্ষেতের ব্যাপারীপাড়ার একটি বাসার তালা ভেঙে শিউলী বেগম নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার দুই হাত খাটের সঙ্গে বাঁধা ছিলো। এছাড়া তার গলাও ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিলো। প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের রিজার্ভ চুরির হোতারা ভারতে!
/এমও/এজে/








