রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আদালত আগামী ৩০ মে রিমান্ড আবেদনের শুনানির নির্ধারণ করেন। শুক্রবার ঢাকা মহানগর মুখ্য হাকিম এই তারিখ নির্ধারণের আদেশ দেন।
এর আগে শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসামি আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। এছাড়া, বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর দায় স্বীকারের সঙ্গে তার ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। গত ১৫ মে পুলিশ তাকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করে। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
এছাড়া, গত ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় হওয়া দুটি নাশকতার মামলায় আসলামকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। ওই দুটি মামলারও রিমান্ড আবেদনের শুনানি হবে ৩০ মে।
আরও পড়তে পারেন: ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সখ্য বাড়াতে চায় আ. লীগ
/এআরআর/এমএনএইচ/








