রাজধানীর কাওরানবাজার ও খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ দোকান ও বাজার উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পাশাপাশি ১৪টি দোকানের ট্রেড লাইসেন্স বাতিল এবং ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমানের নেতৃত্বে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় কাওরান বাজারে। এ সময় বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১৪টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমাণ আদালত।
একইদিনে খিলগাও তালতলা মার্কেট এবং সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুল ইসলাম। এ সময় মার্কেটের ভেতর চলাচলের পথে রাখা সব মালামাল অপসারণ এবং কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৪টি দোকানের ট্রেড লাইসেন্স বাতিল একং একজনকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বর্জ্য রাখার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দু’দিনের সময় দেওয়া হয়।
/ওএফ /এএইচ/
আরও খবর পড়ুন-
মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে







