রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারীর আশ্রয়দাতা হিসেবে সন্দেহভাজন মো. দাউদ পাটোয়ারিকে (৩১)জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমীন রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) হুমায়ুন কবীর সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত এ আদেশ দিয়েছেন।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রণপ কুমার ভক্ত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আবেদনে বলা হয়,দাউদ মিরপুর রূপনগরের আরিফাবাদ হাউজিংয়ের ব্লক নম্বর ‘আই”, রোড নম্বর ১, ২ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক।তিনি হলি আর্টিজানে হামলার জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ বাড়িতে জঙ্গিরা যাতায়াত করতো বলে ধারণা করা হয়।
রিমান্ডে নেওয়া এ তত্ত্বাবধায়ক ইসমাইল নামে এক সন্দেহভাজনকে আশ্রয় দেন যার নাম ঠিকানা তিনি রাখেননি। ইসমাইল গুলশান হামলার পর ওই বাড়ি ছেড়ে দেন।
এ সময় আদালতে দাউদের পক্ষে কেউ দাঁড়াননি।
/টিপু/এবি/








