বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে খিলগাঁও থানায় দায়ের করা মামলায়ও গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মতিঝিল থানায় দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
রিজভির আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে জানান, তার মক্কেল অসুস্থ থাকায় হাজিরা দিতে না পেরে, সময়ের জন্য আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নাকচ করে, গ্রেফতারি পরায়ানা জারির আদেশ দেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিলের প্রতিবেদন আগামী ১৮ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ নভেম্বর বিএনপি জামায়াত ঐক্যজোটের ডাকা ৬০ ঘণ্টার কর্মসূচির সময় পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়া, ভাঙচুর ও কমলাপুর বাজারের আনারকলি বেকারির সামনে তনটি ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের করে মতিঝিল থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে থানার উপ-পরিদর্শক কে এম আজিজুল হক এ মামলা দায়ের করে।
মতিঝিলের পাশাপাশি খিলগাঁও থানায় দায়ের করা অন্য মামলায়ও, উপস্থিতির জন্য আরও সময় চেয়ে করা রিজভীর আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
/এসআইটি/এইচকে/এমএনএইচ/
আরও পড়ুন: মহাসংকটে বিএনপি: থমকে যাচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়া!








