যুদ্ধাপরাধের বিচার করেছেন বিচারকরা। সেগুলো সংরক্ষিত হবে রায় দিয়ে। রায়গুলো চিরদিন থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানো নিয়ে চিন্তার কোনও কারণ নেই। বিচার প্রক্রিয়ায় এর কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
তিনি বলেন, প্রধান বিচারপতি যদি মনে করেন, যেখানে বিচার হচ্ছে এবং এই ভবন প্রয়োজন, রাষ্ট্র নিশ্চয়ই বিচারের স্থান ঠিক করে দেবে।
বুধবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ সব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সড়ক ভবন পাওয়ার পরও পুরনো পরিত্যক্ত ভবন দরকার। কতদিনে রিভিউ দায়ের হয়েছে, নিষ্পত্তি হয়েছে, এটার জন্য আমি আপিল বিভাগের রেকর্ড রুমে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। যে মামলার নথি যেভাবে রাখা হয়েছে, সেখানে নড়াচড়া করার জায়গা নেই। আসলে আদালতের অনেক জায়গা দরকার। বিচারপতিদের বসার জায়গা নেই। তারা বারান্দাতে বসছেন। রেকর্ড যেভাবে রাখা হচ্ছে, তা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের চেম্বার ও এজলাস সংকটের কারণ দেখিয়ে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অন্যখানে সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
১৮ আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠির নির্দেশক্রমে এ অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে চিঠিটি পাওয়ার পর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, চিঠি পেয়েছি। এখন আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
/জেএ/এবি/
আরও পড়ুন








