গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় অর্থ ও অস্ত্র দেশের বাইরে থেকে এসেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ওই ঘটনার আগে একটি হুন্ডি চালানে একসঙ্গে ১৪ লাখ টাকা আসে। এই অর্থ কে গ্রহণ করেছে, তাও আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, ‘এই হামলা ঘটানোর আগে নব্য জেএমবি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। হামলার আগে ১৪ লাখ টাকা একসঙ্গে হুন্ডির মাধ্যমে এসেছে। তারা অস্ত্র ও বাসাভাড়ায় ব্যবহার করেছে। অর্থের উৎসের কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তে আরও নাম আসবে।’ তিনি বলেন, ‘এই টাকা দেশের কেউ বিদেশে বসে পাঠিয়েছে, নাকি বাইরের কেউ পাঠিয়েছে তা খতিয়ে দেখছি।’
তবে অর্থের প্রেরকের দেশের নির্দিষ্ট কোনও নাম উল্লেখ না করে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশ থেকে এসেছে।’
আরও পড়ুন: ভারতে পালিয়েছে নব্য জেএমবি’র ২ নেতা: মনিরুল ইসলাম
/এআরআর/এমএনএইচ/








