শত বছরে ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সুযোগ পেয়ে উৎফুল্ল সাধারণ দর্শনার্থীরা। কারাগার পরিদর্শনের সুযোগ শনিবার (৫ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল। তবে দর্শনার্থীদের আগ্রহের কথা বিবেচনা করে আগামী ৬ ও ৭ নভেম্বর কারাগার খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বাংলা ট্রিবিউনকে এতথ্য জানিয়েছেন কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান।
জেলহত্যা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে পুরাতন কেন্দ্রীয় কারাগারে ১ নভেম্বর থেকে চলছে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার দুর্লভ ১৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী উপলক্ষে ২২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছেন সাধারণ দর্শনার্থীরা। একই সঙ্গে কারাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার স্মৃতি নিয়ে কারাগার অভ্যন্তরে অবস্থিত জাদুঘর ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা দেখারও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
গত কয়েকদিনে দর্শনার্থীদের আগ্রহের বিষয়টি বিবেচনা করে ৫ নভেম্বর প্রদর্শনী শেষ হওয়ার কথা থাকলেও ৬ ও ৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ প্রসঙ্গে কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ কারাগারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। এছাড়া বিগত দিনগুলোতে প্রচুর লোকসমাগম হয়েছে। শেষদিন বন্ধ থাকা ও সাধারণ দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে আরও দু’দিন সময় বাড়ানো হয়ে। এই দু’দিন পূর্বের আগেই নিয়মেই দর্শনার্থীরা কারাগার পরিদর্শন করতে পারবেন।’
নিয়মানুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। তিনটি সেশনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা প্রথম, দুপুর ১টা থেকে ৩টা দ্বিতীয় এবং তৃতীয় সেশনে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। কারাগারে প্রবেশ করতে জনপ্রতি টিকিটের দাম ১০০ টাকা।
আরজে/এমএনএইচ/








