অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেঘনা পেট্রোলিয়ামের নারায়ণগঞ্জ ডিপোর দুই কর্মকর্তাকের গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। গ্রেফতারকৃতরা হলেন সাবেক ম্যানেজার (অপারেশন্স)ও ইনচার্জ শামসুল আরেফিন চৌধুরী ও সাবেক ডেপুটি ম্যানেজার কাজী আবু জাফর। রবিবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা এক মামলায় আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা পরস্পর যোগসাজশে ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে ২০১৬ সালের ২৫ এপ্রিল পর্যন্ত মেঘনা পেট্রোলিয়াম লি.-এর ফতুল্লা ডিপো থেকে ৬৬ লাখ ৪১ হাজার ৪৫৩ টাকা ৭২ পয়সার জ্বালানি তেল কৌশলে সরিয়ে বিক্রি করে ওই টাকা আত্মস্যাৎ করেন।
এ ঘটনার প্রাথমিক তদন্ত শেষে ফতুল্লা থানায় রবিবার (১৮ ডিসেম্বর) মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ৪১। এই মামলার পরিপ্রেক্ষিতে সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত শামসুল আরেফিন চৌধুরী ও কাজী আবু জাফর চট্টগ্রামের আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়ামের প্রধান কার্যালয় থেকে বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত রয়েছেন।
আরজে/এমএনএইচ/








