রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পল্লবী ও গুলিস্তানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পল্লবী থানার কালশী সড়কে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় পথচারী মো. নাসির (৫০) ঘটনাস্থলে প্রাণ হারান। আশপাশের লোকজন বাসটি ধাওয়া করলে চালক বাস রেখে পালিয়ে যায়।
পল্লবী থানার পুলিশ পরির্দশক দাদন ফকির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত ব্যাক্তি কালশী রোডের বিহারী ক্যাম্পে থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিআরটি বাস কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৫২) গুরতর আহত হয়। ইসমাঈল নামে এক পথচারী তখন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এমও/








