রাজধানীর আদাবরের একটি বাসা থেকে সোনিয়া (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আদাবর থানার এসআই আব্দুর রশিদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
নিহতের মা রিনা বেগম বলেন, ‘সোনিয়াকে তার স্বামী ইলিয়াস প্রায়ই মারধর করতো। ইলিয়াস মোহাম্মদপুর এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতো। সেখানে আয়েশা নামে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ মার্চ আয়েশা ও ইলিয়াস পালিয়ে যায়। আয়েশার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ মার্চ ইলিয়াস ও আয়েশাকে আটক করে। খবর পেয়ে সোনিয়া নিজে গিয়ে স্বামীকে ছাড়িয়ে আনে। কিন্তু বাসায় আসার পর সোনিয়াকে মারধর করে ইলিয়াস।’
সোনিয়ার মা আরও বলেন, ‘শুক্রবার বিকেলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার বাসা থেকে সোনিয়াকে নিয়ে আমার বাসায় আসে ইলিয়াস। তখন আমি বাসার বাইরে ছিলাম। রাত ১০টার দিকে ইলিয়াস আমাকে ফোন করে বাসায় আসতে বলে। আমি বাসায় আসার পর দেখি একটি রুমে বাঁশের সঙ্গে সোনিয়ার লাশ ঝুলছে। নিচে মেঝেতে রক্তে ভেসে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমি যখন মেয়েকে উদ্ধারে ব্যস্ত, ঠিক এই সুযোগে ইলিয়াস পালিয়ে গেছে।’
আদাবর থানার এসআই আব্দুর রশিদ খান বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই সোনিয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এআইবি/এমএনএইচ/








