জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রেজিস্ট্রারকে এই রুলের জবাব দিতে হবে।বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ।একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সাইয়েদা ফাহমিজা বেগমের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষক ফাহমিজা বেগম ২০০৯ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত দুই মাসের অনুমোদিত ছুটিতে ছিলেন। তা সত্ত্বেও ওই তারিখ থেকেই তাকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই শিক্ষক। রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ২৯ আগস্ট বিচারপতি মো. কাজী রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ বাদীর পক্ষে রায়ও দেন। আদালত রায়ে তার বরখাস্তের আদেশ বেআইনি ও অকার্যকর ঘোষণা করার পরেও ফাহমিজা বেগমকে ক্লাসে যোগদানের ব্যবস্থা করেননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। পরে তিনি রেজিস্ট্রার বরাবরে আইনি নোটিশ পাঠালেও কাজ হয়নি।শেষ পর্যন্ত ওই শিক্ষক রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন।
/এমটি/ইউআই/এপিএইচ/আপ-এমও/








