বিষপানে আত্মহত্যা করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের কে-৭৩ ব্যাচের ছাত্রী হাবিবা সুলতানা কনক (২০)। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
জানা গেছে, হাবিবা সুলতানা কনককে গত ২৫ এপ্রিল ভোরে ডাক্তার আলিমুন রাজি হল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন কনক বিষক্রিয়ায় আক্রান্ত। পরে তাকে আইসিইউতে রাখা হয়। এদিকে তার দুটি কিডনিই বিকল হয়ে গেলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মারা যান হাবিবা।
পরে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। লাশ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে।
কনকের চাচা আবু রায়হান বলেন, ‘হাবিবা সুলতানা কনকের বাবা কায়কাউস ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ওয়ার্ডমাস্টার। তার দুই মেয়ের মধ্যে কনক ছোট। কি কারণে সে এমন কাজ করলো তা আমরা বুঝে উঠতে পারছি না।’
এদিকে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাবিবা সুলতানা কনক আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
/এআইবি/এমও/








