বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কারও কোনও গাফিলতি থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের কাউকেই দেওয়া হবে না। এই ঘটনার সঙ্গে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের সম্পৃক্ততা থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে উইমেন্স ট্রেড পয়েন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বনানীতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশে এখন আইনের শাসন চলছে। সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ সবাই এখন আইনের আওতায় আসছে।’
ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উইমেন্স হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোয়ারদার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাউল ইসলাম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান পাটোয়ারী, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এসইভিপি আহসান জামান চৌধুরী, ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী সাঈদ নুরুল ইসলাম প্রমুখ।
হলিডে মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, নারী উদ্যোক্তাদের পুনর্বাসিত করতে ডিএনসিসির প্রত্যেকটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে উইমেন্স হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে।
জেইউ/এমএনএইচ/








