নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে শরীফুল নামের একজনকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী রূপগঞ্জ থানার পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরের একটি জলাধারে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। এ পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬১টি চায়নিজ এসএমজি, ২টি রকেট লঞ্চার, ২টি ওয়াকিটকি, ৭ পয়েন্ট ৬২ পিস্তলের ম্যাগজিন ৫টি, রকেট লাঞ্চার প্রজেক্টর ৪৯টি, হ্যান্ড গ্রেনেড ৪২টি, এসএমজির ম্যাগজিন ৪৪টি, বিপুল পরিমাণ টাইমফিউজ, ইগনাইটার ও গুলি।
আইজিপি এ কে এম শহীদুল হক সকাল সাড়ে এগারোটায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হকসহ সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডবুরীরা অভিযানে সহায়তা করছেন।
/জেইউ/এমএনএইচ/








