রাজধানীর ডেমরা ও কাফরুলে পৃথক ঘটনায় এক কিশোরী ও এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ডেমরা ও কাফরুল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (৩ জুলাই) ও গত ৩০ জুন এ দুটি ঘটনা ঘটে।
ডেমরার ওই তরুণী পুলিশকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোড়াপাড়া রাসেল পার্ক এলাকার যুবক রেজাউল করিম (২৮) তাকে ধর্ষণ করেছে। তারা পূর্বপরিচিত। এ সুবাদে ডেমরায় মেয়েটির বাসায় তার যাতায়াত ছিল। রেজাউল গত নয় মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক রেখেছিল।
সোমবার রাতে রেজাউল বাসায় এসে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর তাকে মারধর করে। এক পর্যায়ে বটির আঘাতে মেয়েটিকে আহত করে সে পালিয়ে যায়। ওই তরুণীকে চিটাগাং রোডের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি ডেমরা থানায় মামলা করেন। মঙ্গলবার ভোরে তাকে ডেমরা থানা পুলিশ ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
এদিকে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকায় খালাতো ভাইয়ের হাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। মেয়েটির মামলায় সোমবার কাফরুল থানা পুলিশ অভিযুক্ত যুবক রবিকে (২০) গ্রেফতার করেছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে জানান, ১৪ বছর বয়সী ওই কিশোরী ও অভিযুক্ত যুবক রবি সম্পর্কে খালাতো ভাইবোন। তারা থাকে পাশাপাশি বাসায়। ওই কিশোরীর অভিযোগ, রবি তাকে গত ৩০ জুন ধর্ষণ করেছে। তাকে মঙ্গলবার ভোরে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
/এআরআর/জেএইচ/








