বৈধ অস্ত্রের সঙ্গে অবৈধ অস্ত্র আমদানি, উদ্বিগ্ন গোয়েন্দারা

জামাল উদ্দিন
১২ জুলাই ২০১৭, ২২:৩৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৪:১২

বৈধ অস্ত্রের সঙ্গে অবৈধ অস্ত্র আমদানি নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। এরই মধ্যে মঙ্গলবার (১১ জুলাই) অস্ত্র আমদানি নীতিমালা ভঙ্গের অভিযোগে মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির আমদানি করা ১৯টি এবং এর আগে আরও দুটি অস্ত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা আগ্নেয়াস্ত্র এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে কিংবা অপব্যবহার হতে পারে বলেও শঙ্কিত শুল্ক গোয়েন্দারা। আমদানি নিষিদ্ধ অস্ত্র নিয়ে আসার ঘটনার রহস্য উন্মোচনে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে সরকারের এ সংস্থাটি। ১১ জুলাই গঠিত এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে অস্ত্র ব্যবসায়ীরা বলছেন, তারা কোনও অবৈধ অস্ত্র আমদানি করেননি। সম্পূর্ণ বৈধ পথে সব নিয়ম মেনেই এসব অস্ত্র আমদানি করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা না জেনে, না বুঝে এসব অস্ত্র জব্দ করেছেন বলে দাবি তাদের। এ নিয়ে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান তারা।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ ও অবৈধ পথে অস্ত্র নিয়ে এসে দেশের আইনশৃক্সখলা পরিস্থিতি ঘোলা ও নাশকতা চালাতে পারে দুর্বৃত্তরা। যে কারণে সরকারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে নজরদারি জোরদার করেছে। বিশেষ করে জঙ্গিরা নানা কৌশলে অস্ত্র সংগ্রহ করতে পারে। সবদিক মাথায় রেখেই গোয়েন্দারা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারও এক্ষেত্রে কঠোর বলে জানান তারা।

ইতালি থেকে একটি চালানে ৫৮টি অস্ত্র নিয়ে আসে মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এসব অস্ত্রের মধ্য থেকে পুরনো ও অকার্যকর ১৯টি অস্ত্র জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এ প্রসঙ্গে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরনো ও অকার্যকর অস্ত্র আনার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা এসব অস্ত্র জব্দ করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের বক্তব্য, ‘আমদানি করা এসব অস্ত্র পরীক্ষার সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। পরীক্ষায় দেখা গেছে, ১৯টি অস্ত্র পুরনো ও পুনঃসংস্কৃত। একই সঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুযায়ী এসব অস্ত্র জব্দ করা হয়।’

অস্ত্র আমদানিকারকরা কী এ বিষয়গুলো জানেন না? এমন প্রশ্নের জবাবে ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা জেনেশুনেই এসব পুরনো অস্ত্র নিয়ে আসছে। তাই এর রহস্য উন্মোচনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপ-পরিচালক সাইফুর রহমান ও সহকারী পরিচালক জোবায়দা খানম।’

তদন্তদলটি মূলত দুটি বিষয় খতিয়ে দেখবে বলে জানান ড. মইনুল খান। প্রথমত, পুরনো ও নিম্নমানের অস্ত্র কৌশলে গ্রাহকদের কাছে নতুন হিসেবে বিক্রির মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে কিনা। দ্বিতীয়ত, এ ধরনের ব্যবহৃত এবং নম্বরহীন ও অসঙ্গতিপূর্ণ অস্ত্র কী উদ্দেশে আনা হয়েছে তা খুঁজে বের করা। এছাড়া এসব অস্ত্র রাষ্ট্রীয় নিরাপত্তায় কোনও ঝুঁকি সৃষ্টি করবে কিনা তাও খতিয়ে দেখবেন তারা। এসব অস্ত্র চোরাই মার্কেটে বিক্রি হয় কিনা জানতে চাইলে তিনি বে ছেন, ‘সেটি তদন্তের পর বলা যাবে। দেশে প্রায় ১০০ অস্ত্র আমদানিকারী প্রতিষ্ঠান রয়েছে। সবার বিষয়েই খোঁজ-খবর নেওয়া হবে।’

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও পুরনো নিম্নমানের অস্ত্র কেন আনা হয়েছে জানতে চাইলে মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির মালিক নূর উদ্দিন ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব অস্ত্র নিয়ে এসেছি সেগুলো শতভাগ নতুন। শুল্ক গোয়েন্দারা কেন পুরনো বলছেন জানি না। অস্ত্রগুলো আমরা দেখতে চেয়েছিলাম, সেই সুযোগও আমাদের দেওয়া হচ্ছে না। যেহেতু অস্ত্রগুলো দেখতে পাচ্ছি না, তাই নতুন-পুরনো বিষয়ে আমি নিজেই দ্বিধাদ্ব›েদ্ব আছি।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা আগ্নেয়াস্ত্র মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির মালিক আরও বলেন, ‘আমাদের অস্ত্র কেনার প্রক্রিয়া হচ্ছে, ইন্টারনেটে ছবি দেখে আমরা সব বৈধ কাগজপত্রসহ অস্ত্রের অর্ডার দেই। যেমন ইতালি থেকে যে অস্ত্রগুলো এসেছে, সেখানকার সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো এ বিষয়ে অনুমোদন দিয়েছে। এখন তারা বলছেন, আমাদের কাগজ নাই। অথচ আমার ৫৮ পিস অস্ত্রেরই কাগজ আছে। কাগজপত্রের একটি দাড়িকমাও কম নাই। বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী যত কাগজ দরকার সবই দেওয়া আছে। রফতানিকারকরাও কখনও নতুন অস্ত্রের দাম নিয়ে পুরনো অস্ত্র দেবে না। তাহলে কেন ৩০০ পার্সেন্ট ট্যাক্স দিয়ে অস্ত্র আমদানি করবো?’
আরেক অস্ত্র আমদানিকারক স্মিথ অ্যান্ড এনভিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুল্ক গোয়েন্দারা এ অস্ত্রগুলোকে পুরনো ও পুনঃসংস্কৃত বলে দণ্ডনীয় অপরাধ করেছেন বলে আমি মনে করি। তারা সবচেয়ে বড় অন্যায় করেছেন এই বলে যে, একই অস্ত্রের নম্বরে আরও অস্ত্র বাংলাদেশে আছে। এটি ইতালির রোম থেকে এসেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ইতালিয়ান ভাষায় অ্যাম্বাসি থেকে সত্যায়িত করা হয়। এরপর ওই দেশের রফতানিকারকদের কাছে পাঠানো হয়। সব পরীক্ষা-নিরীক্ষা করে ইতালিয়ান সরকার প্রায় দুই বছর পর এ অনুমোদন দিয়েছে। সবকিছু মিলিয়ে এটা শতভাগ বৈধ এবং স্বাভাবিক আমদানি। একটি আন্তর্জাতিক এয়ারলাইন্সে এসব অস্ত্র বাংলাদেশে এসেছে। কুয়েত সিটিতে ল্যান্ডিংয়ের পর এটা ট্রানজিট হয়েছে। দু’একটি গোয়েন্দা সংস্থাও বলেছে ওকে। কিন্তু শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা অনেক বাড়াবাড়ি করছেন। তারা ক্যামেরার সামনে থাকতে পছন্দ করে। তারা এ বিষয়ে অনভিজ্ঞ। সিআইডিকে দেখাতে বলেছি। এটা তাদের আওতাভুক্ত নয়।’
একই অস্ত্রে একাধিক নম্বর প্রসঙ্গে আবদুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা থাকতেই পারে। অস্ত্রের বিভিন্ন অংশে নম্বর থাকে। সেগুলো আমরা লিখে থাকি। এতে আশ্চর্য হওয়ার কী আছে! তাদের যদি এটা জানা না থাকে তাহলে তো সেটা অবাস্তব হয়ে যেতে পারে না।’
শুল্ক গোয়েন্দারা বাংলা ট্রিবিউনকে জানান, এশিয়া প্যাসিফিক অঞ্চলে পরিচালিত ‘অপারেশন আইরিন’ অভিযানের অংশ হিসেবে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাস্টমস নেটওয়ার্কসমূহের মধ্যে ৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৩ দিন ‘অপারেশন আইরিন-২’-এর এবারের থিম ‘রেগুলার অপারেশন টার্গেটিং অ্যান্ড কাউন্টারিং ট্র্যাফিকিং ইন স্মল আর্মস অ্যান্ড লাইট ওয়েপন্স’।
‘অপারেশন আইরিন’ নিরাপত্তা রক্ষায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের এনফোর্সমেন্ট এজেন্সি ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস’ (রাইলো) কর্তৃক পরিচালিত অভিযান। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৮টি দেশ এই অভিযানে অংশ নিচ্ছে। বাংলাদেশের শুল্ক গোয়েন্দা অধিদফতর এই অভিযানের লিয়াজো অফিস হিসেবে কাজ করছে।
গত ৯ ও ১১ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১টি অস্ত্র জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং এইচকেফোর ব্র্যান্ডের পাঁচটি অস্ত্র রয়েছে।
/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি