রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত নারীর মৃত্যু হয়। অন্যজনের লাশ ক্যান্টনমেন্ট রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বুধবার রাতে এসব পৃথক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিমান বন্দর স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তাসলিমা বেগম (৪৫)। পথচারী মো. হাসান তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি মারা যান।
নিহতের মেয়ে সোমা জানান, তার মা শাক-সবজি বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. খোকন নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
অপরদিকে, মানিকনগর মুগদার বাসিন্দা এবাদুলের (৫৫) লাশ ক্যান্টনমেন্ট ও বিমানবন্দরের মাঝামাঝি এলাকার রেল লাইনের কাছে পড়েছিলো। রাত সোয়া ১২টার দিকে উপ পরিদর্শক (এসআই) আলী আকবর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এসআই আলী আকবর জানান, এবাদুল রেল লাইনের পাশে মোবাইলে কথা বলতে বলতে প্রস্রাব করছিলেন। এ সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
/এআইবি/এমও/








