রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীসহ তিন জন অজ্ঞান পার্টির খপ্পরে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার যাত্রাবাড়ী ও কমলাপুর রেলস্টেশনে এসব ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক মো. লিটন জানান, রবিবার বিকালে যাত্রাবাড়ী মোড়ে সিফা (২৫) ও ফরিদা (৪৫) নামের দুই নারীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে, কমলাপুর রেলস্টেশনের হলরুমে অজ্ঞাত এক যুবককে (২০) অচেতন পরে থাকতে দেখে লোকজন রেলওয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে রেলওয়ে থানার পুলিশ কনেস্টেবল মো. দুলাল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।








